নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘আকভান’ নিম্নচাপের জেরে ঘুব উবেছে পূর্ব বর্ধমান জেলার ধান চাষিদের। বৃহস্পতিবার ঝিরঝিরে বৃষ্টি হওয়ায় তেমন ক্ষতি হয়নি। কিন্তু, আজ শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইলে আর রক্ষা থাকবে না। এমনটাই জানাচ্ছেন চাষিরা। তাঁরা বলেন, অধিকাংশ জমির ধান পেকে গিয়েছে। মন্তেশ্বর, জামালপুর, সাতগেছিয়ার মতো বিভিন্ন জায়গায় ধান কাটা শুরুও হয়ে গিয়েছে। ওই সমস্ত জমিতে জল জমে গেলে ধানের ব্যাপক ক্ষতি হবে। আবার ঝোড়ে হাওয়া বইলে যেসব জমির ধান কাটা হয়নি সেগুলি জমিতে পড়ে যাবে। কৃষিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভবনা রয়েছে।
চাষি সামাদ মোল্লা বলেন, এবছর ধানের ফলন ভাল হয়েছে। পোকার আক্রমণ হয়নি। কিন্তু, ঘূর্ণিঝড় পাকা ধানে মই দিচ্ছে। ভারী বৃষ্টি হলে আলু চাষের মরশুমও পিছিয়ে যাবে। জল জমে থাকলে জমিতে আলুবীজ পোঁতা যায় না। ধান কাটাও পিছিয়ে যাবে। বৃহস্পতিবারের বৃষ্টিতে জমি ভিজে গিয়েছে। ওই জমি না শুকানো পর্যন্ত মেশিন দিয়ে ধান কাটা যাবে না। আর এক চাষি অনুপ পাত্র বলেন, এদিনের বৃষ্টিতে তেমন ক্ষতি হবে না। যেসব জমি শুকিয়ে গিয়েছিল সেগুলির পক্ষে ভাল হবে। ধান কাটার পর রবিশস্য চাষে সুবিধা হবে। ভারী বৃষ্টি আর ঘূর্ণিঝড় হলে ব্যাপক লোকসান হবে। গলসি, আউশগ্রাম এলাকায় এখনো ধান কাটা শুরু হয়নি। ঝড়ো হাওয়া বইলে ধান গাছ মাটিতে লুটিয়ে পড়বে।
কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর রেকর্ড পরিমাণ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। পোকার আক্রমণ কয়েকটি এলাকায় হলেও বাকি জমিতে ধানের কোনো ক্ষতি হয়নি। তবে এবার আলু চাষের এলাকা কিছুটা কমতে পারে। আলুর দাম না পাওয়ায় চাষিরা বোরো চাষের দিকে ঝুঁকছেন। অন্যান্য বছর এই সময় থেকে বীজ এবং সার কেনার হিড়িক পড়ে যায়। এবার সেই প্রবণতা অনেক কম। তারপর ভারী বৃষ্টি হয়ে হলে বহু কৃষক আলু চাষের দিকে ঝুঁকবেন না।
গলসির চাষি উজ্জ্বল ঘোষ বলেন, এখন চাষিদের কিছু করার নেই। বৃষ্টি শুরু হওয়ায় এখন আর ধান কাটা কোনো ভাবেই সম্ভব নয়। শুক্র এবং শনিবার কী হয় তার দিকেই চাষিরা তাকিয়ে রয়েছেন। ঝিরঝিরে বৃষ্টি হলে চিন্তা নেই। আর দু’দিন ধরে ভারী বৃষ্টি হলে বহু চাষির মাথায় হাত পড়ে যাবে। বর্ধমানে বৃষ্টি। নিজস্ব চিত্র



