রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি অংশে এবং উত্তরবঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। আগামীকাল শুক্রবার থেকে আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ভাইফোঁটার দিন রাজ্যের অনেক জেলাতেই কিছু অংশে বজ্রমেঘ থেকে বৃষ্টি হয়েছে। এর মধ্যে ছিল কলকাতা শহর, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, দুই দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদের আমতলায় সর্বাধিক বৃষ্টি হয়েছে, পরিমাণ ৫০ মিমি। সকাল থেকে বিকেলের মধ্যে ৩৮ মিমি বৃষ্টি হয়েছে উলুবেড়িয়ায়। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটি গভীর নিম্নচাপের চেহারা নেবে। তবে এটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, এদিনও তা জানানো হয়নি। নিম্নচাপটির আপাতত যে গতিপ্রকৃতি অনুমান করা হচ্ছে, তাতে রাজ্যে এর প্রভাব বিশেষ পড়বে না বলেই বিশেষজ্ঞদের ধারণা। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুষ্ক পশ্চিমি হাওয়ার সক্রিয়তা বৃদ্ধির জন্য সর্বনিম্ন তাপমাত্রা কমবে। কয়েকদিনের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নামতে পারে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি।

Advertisement