সংবাদদাতা, বারুইপুর: এবার পুজোয় পথ দুর্ঘটনায় এড়ানো গেল প্রাণহানী। মৃত্যুহীন রইল বারুইপুর পুলিশ জেলা। গত বছর পুজোয় তিনজনের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। কিন্তু এবার যেভাবে বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগ কড়াকড়ি শুরু করেছিল, তাতে চতুর্থী থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছে। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন।
বেপরোয়া ড্রাইভিংয়ে রাশ টানতে পুজোর শুরু থেকেই পথে নেমেছিল পুলিশ। কেউ মদ খেয়ে বাইক চালালে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এবার তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত মদ্যপ অবস্থায় বা দ্রুত বাইক চালানোর অভিযোগে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জেলায়। পাশাপাশি, পুলিশ এবার পুজোয় কড়া পদক্ষেপ নিয়ে বারুইপুর পুলিশ জেলায় মোট ৮২৬ জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করেছে।
বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক কর্তা ফারুক রহমান সহ তাঁর টিম ২৪ ঘণ্টা নজরদারি চালিয়েছে কামালগাজি বাইপাস সহ বারুইপুর উড়ালপুল এলাকায়। অভিযান চলে ক্যানিং মাতলা সেতু, কুলতলি জামতলা মোড়, জয়নগর থানার মোড়, কামালগাজি মোড়, সোনারপুর থানা সংলগ্ন এলাকায়। এগুলি বেশি দুর্ঘটনাপ্রবণ। নির্ধারিত গতির তুলনায় জোরে গাড়ি চালালে একের পর এক জরিমানা করা হয়েছে। ট্রাফিক বিভাগ ছাড়াও বারুইপুর পুলিশ জেলার শীর্ষ কর্তারা বারে বারে পরিদর্শন করেছেন বিভিন্ন থানা এলাকায়। খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
পুলিশ জেলা সূত্রে খবর, এবার পুজোয় গোটা পুলিশ জেলায় ৩৩৮টি মামলা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল অতীশ বিশ্বাস বলেন, এবার দুর্ঘটনা যাতে কম হয় তার জন্য আগেই প্রস্তুতি নিয়েছিলাম। তাই মৃত্যু এড়ানো গিয়েছে। পাশাপাশি, কোনো বড়ো গন্ডগোল হয়নি কোনো থানা এলাকায়। কারণ পুলিশ আগেই পদক্ষেপ নিয়েছিল। এবার দুর্গাপুজোয় বিসর্জনে সরকারি বিধি মেনে ডিজে বক্স ব্যবহারও হয়নি বারুইপুর পুলিশ জেলায় কোনো পুজোতে। এর জন্য কমিটিগুলিকেও ধন্যবাদ জানিয়েছে বারুইপুর পুলিশ জেলার শীর্ষ কর্তারা।



