নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সল্টলেক থেকে ডাক্তার দেখিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী চারচাকা একটি গাড়ি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সলপ ব্রিজের নীচে। একটি ছ’চাকার লরি ওই যাত্রীবাহী গাড়ি সহ পরপর দু’টি গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দু’টি গাড়ির চালক সামান্য আহত হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে চারচাকার গাড়িটি জাতীয় সড়ক ধরে পূর্ব মেদিনীপুরের দিকে যাচ্ছিল। গাড়িতে একজন রোগী ছিলেন। সল্টলেক থেকে ডাক্তার দেখিয়ে তিনি নন্দীগ্রামের বাড়িতে ফিরছিলেন। আচমকা গাড়ির গতি কমিয়ে দেন চালক। তখন পিছনে থাকা একটি লরি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে এসে ধাক্কা মারে গাড়িটিকে। এদিকে, সেই ধাক্কার জেরে চারচাকার গাড়িটি আবার তার সামনে থাকা অন্য আরেকটি গাড়িকে ধাক্কা মারে। পরপর দু’টি গাড়ি ডিভাইডারের উপর উঠে গিয়ে গার্ড রেলে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। আসেন নিবড়া ট্রাফিক গার্ডে কর্মরত পুলিসকর্মীরা। আহতদের হাসপাতালে পাঠানো হয়। লরি ও গাড়ি দু’টিকে আটক করে ডোমজুড় থানায় নিয়ে যায় পুলিস। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট হয় ওই এলাকায়। পরে ট্রাফিক পুলিস পরিস্থিতি স্বাভাবিক করে। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়িতে একজন রোগী ছিলেন। বরাতজোরে রক্ষা পেয়েছেন তিনি।’ নিজস্ব চিত্র



