Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে প্রভু মনোহর দাসের রুপোর পাদুকা প্রতিষ্ঠিত

বিষ্ণুপুরে প্রভু মনোহর দাসের রুপোর পাদুকা প্রতিষ্ঠিত
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বুধবার বিষ্ণুপুরের বৈষ্ণবপাড়ায় ধুমধাম করে প্রভু মনোহর দাসের রুপোর পাদুকা প্রতিষ্ঠিত হল। ওই উপলক্ষ্যে এদিন সকালে ঐতিহাসিক যমুনাবাঁধ থেকে শোভাযাত্রা সহকারে কলস নিয়ে জল আনা হয়। পরে ধর্মীয় আচার ও বিশেষ পুজোপাঠের মাধ্যমে পাদুকা প্রতিষ্ঠা হয়। পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছে, সোনামুখী থেকে ইতিমধ্যেই পায়ে হেঁটে রুপোর পাদুকা বিষ্ণুপুরে মন্দিরে আনা হয়েছে। এদিন তা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়। ওই উপলক্ষ্যে তিনদিন ধরে নাম সংকীর্তন চলবে। স্থানীয় বাসিন্দারা উৎসবে মেতে উঠেছেন।

Advertisement

পুজো কমিটির সম্পাদক গদাধর বিট বলেন, বাবা মনোহর দাস তন্তুবায় সম্প্রদায়ের কাছে ভগবানের মতো। প্রতিবছর অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। প্রভুর কাঠের পাদুকা পুজোর জল পেয়ে বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। সেই জন্য এবার রুপোর পাদুকা গড়ানো হয়। কয়েকদিন আগে সোনামুখী থেকে তা বিষ্ণুপুরে আনা হয়। এদিন তার প্রতিষ্ঠা হয়। একই সঙ্গে পুরনো মন্দির সংস্কার করা হয়েছে। এদিন তারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই উপলক্ষ্যে এদিন সকালে মহিলারা শোভাযাত্রা সহকারে মঙ্গলকলসে যমুনাবাঁধ থেকে জল আনেন। পরে ধর্মীয় আচার মেনে তা প্রতিষ্ঠা করা হয়। মহোৎসব উপলক্ষ্যে আজ, বৃহস্পতিবার প্রসাদ বিলি করা হবে। তিনদিন ধরে নাম সংকীর্তন চলবে। উৎসব কমিটি সূত্রে জানা গিয়েছে, শ্রী শ্রী মনোহার দাস একজন বৈষ্ণব সাধক। তিনি তন্তুবায় সম্প্রদায়ভুক্ত ছিলেন। সোনামুখীতে তাঁর মূল আশ্রম রয়েছে। সেখানেই তিনি ভক্তদের দেওয়া কথা মতো জীবন্ত সমাধিস্থ হয়েছিলেন। প্রায় ২০০ বছর আগে তাঁর মাহাত্ম্যের কথা প্রচার হওয়ার পর বিষ্ণুপুরের বৈষ্ণবপাড়ার তন্তুবায় সম্প্রদায়ের তরফে একটি মন্দির স্থাপন করা হয়। তখনই সোনামুখী থেকে প্রভুর কাঠের পাদুকা এনে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। বিষ্ণুপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রীতা বন্দ্যোপাধ্যায় বলেন, বৈষ্ণবপাড়ায় তন্তুবায় সম্প্রদায়ভুক্ত কয়েকশো বাসিন্দা রয়েছেন। শ্রীশ্রী মনোহর দাসজিউ তাঁদের অত্যন্ত প্রিয় আরাধ্য ঠাকুর। প্রতিবছর মন্দিরে বিশেষ পুজো হয়। আমরা তাঁদের পাশে রয়েছি। এদিন সকালে শোভাযাত্রাতেও অংশ নিই। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ