অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিস জারি করল মুম্বই পুলিস। ৬০ কোটি টাকার ঋণ খোলাপির অভিযোগ উঠেছে তারকা দম্পতির বিরুদ্ধে। শুক্রবার মুক্তি পেয়েছে রাজের ছবি ‘মেহর’। এর মাধ্যমেই পাঞ্জাবী সিনে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করলেন রাজ। সেই ছবি মুক্তির দিনই রাজ ও শিল্পার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হল। গত আগস্ট মাসে দীপক কোঠারি নামক এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে জুহু থানায় মামলা দায়ের হয়। পরে সেটি মুম্বই পুলিসের অর্থনৈতিক অপরাধ দমন শাখার হাতে স্থানান্তর করা হয়। জানা গিয়েছিল, দীপকের কাছ থেকে ব্যবসায়িক কারণে ৬০ কোটি টাকা নেন শিল্পা ও রাজ। অভিযোগ, ব্যবসায় বিনিয়োগ না করে ওই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন তাঁরা। পরে ওই টাকা শোধও করেননি দম্পতি।



