সংবাদদাতা, বহরমপুর: হোলি উপলক্ষ্যে আজ শুক্রবার দুপুর ২টো পর্যন্ত জেলার সমস্ত মদের দোকান বন্ধ থাকছে। আবগারি দপ্তরের পক্ষ থেকে ২টোর পর বিক্রি স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে থ্রি স্টার এবং তার উপরের ক্যাটাগরির সমস্ত হোটেলগুলিকে এই বিধি নিষেধের আওতার বাইরে রাখা হয়েছে। বহরমপুর আবগারি জেলার এক আধিকারিক বলেন, স্ট্যান্ডিং অর্ডারে দুপুর ২টো পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। এই সময়ে কোথাও গোপনে বা ব্ল্যাক মার্কেটে মদ বিক্রি করা হচ্ছে কিনা তার উপর নজরদারি চালানো হবে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টো পর্যন্ত গোপনে মদ বিক্রি ও পরিবহনে ধরা পড়লে জেল ও জরিমানা দুটোই হতে পারে।
হোলি মানেই অলিতে গলিতে মদের ফোয়ারা উঠবে। পুলিসের দাবি, মদ খেয়ে বেসামাল হলেই অশান্তি বাধে। অশান্তি বা কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে দোলের দিন দুপুর ২টো পর্যন্ত সব মদ বিক্রি বন্ধ থাকছে। তাই শুক্রবার উৎসবের জন্য মদ সংগ্রহ করতে বৃহস্পতিবার দুপুর থেকেই মদের দোকানগুলিতে লাইন পড়েছে। আবগারি দপ্তর সূত্রে খবর, বহরমপুর আবগারি জেলার অধীনে ১৪২টি সরকারি অনুমোদিত মদের দোকান রয়েছে। বহরমপুর শহর ও শহর লাগোয়া ৪১টি মদের দোকান রয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শহরের সব দোকানেই ভিড় উপচে পড়েছে। রাত পর্যন্ত লাইন থাকবে বলেই মদ বিক্রেতারা অনুমান করছেন। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, শুক্রবার যেকোনও অপ্রীতিকর ঘটনা রুখতে প্রতিটি এলাকায় আমাদের কড়া নজর থাকবে।