দূরপাল্লার লরি থামিয়ে চালককে হেনস্তা, অভিযুক্ত বিজেপি নেতার আত্মীয়
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: দলীয় নেতা-কর্মীদের তোলাবাজির বিরুদ্ধে বারবার কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তোলাবাজি বরদাস্ত করা হবে না বলে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। কিন্তু, দলের নীচুতলার কর্মীদের একাংশের যে তাতে বিশেষ হেলদোল হয়নি তা ফের সামনে এল শিলিগুড়িতে। 

Advertisement

তিনবাত্তি মোড়ে পণ্যবাহী লরি আটকে চালককে মারধর, টাকা দাবি এবং মালপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল। আর এই ঘটনায় বিজেপি নেতার ভাইয়ের নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। 
অভিযোগ, রবিবার গভীর রাতে বিহার থেকে চালবোঝাই একটি ১৬ চাকার লরি অসমের গুয়াহাটির দিকে যাচ্ছিল। তিনবাত্তি মোড়ে একটি পেট্রল পাম্পের সামনে অসমের নম্বর প্লেটযুক্ত একটি লাল রঙের গাড়ি লরিটির পথ আটকায়। এরপর কয়েকজন যুবক লরিচালকের কাছে গাড়ির কাগজপত্র ও মালপত্র নিয়ে প্রশ্ন তোলে। চালকের অভিযোগ, আরসি বুক দেখাতে গেলে সেটি নষ্ট করে দেওয়া হয়। কেড়ে নেওয়া হয় লরির চাবিও। টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকার করেন। এরপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী লরির ত্রিপল খুলে মালপত্র পরীক্ষা করার নামে জোরাজুরি চলে। 
ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক যুবককে ট্রাকের ত্রিপল খুলতে এবং চালকের সঙ্গে ধস্তাধস্তি করতে। ওই যুবক শিলিগুড়ি পুরসভার সংযোজিত একটি ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটরের ভাই বলে জানা গিয়েছে। 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয় ছোটো গাড়ি ও লরিটি। দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে এনজেপি থানার এক অফিসার জানিয়েছেন। 
আর এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী যখন বারবার তোলাবাজি বন্ধের কথা বলছেন, তখন দলের কেউ এমন কাজে যুক্ত থাকলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অভিযুক্ত দলের কেউ হলে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।