রাঁচি: একদিনের ক্রিকেটে এর আগে ১২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। তার মধ্যে মাত্র দু’টি ঘরের মাঠে। এই এক ডজন ম্যাচের মধ্যে ভারত জিতেছে আটটিতে। হেরেছে বাকি চারটি ম্যাচ। তবে নেতা হিসেবে বেশি সাফল্য থাকলেও ব্যাটসম্যান হিসেবে এই ম্যাচগুলোতে একেবারেই সাদামাটা তিনি। গড় মাত্র ৩৩.৫৫। কোনও শতরান নেই, সর্বাধিক নট আউট ৫৮। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ক্যাপ্টেন রাহুলের কাছে সেজন্যই বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, ‘দল ঘোষণার একদিন আগে আমাকে নেতৃত্ব দিতে হতে পারে বলে জানানো হয়। এর আগেও আমি আধিনায়ক হিসেবে মাঠে নেমেছি। ব্যাপারটা রীতিমতো রোমাঞ্চকর। এই দায়িত্বটা এখন উপভোগ করতে চাইছি। তবে অধিনায়ক হওয়া নিয়ে বেশি ভাবছি না।’
সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে তিনি অবশ্য একেবারেই ফর্মে ছিলেন না। চার ইনিংসে আসে মাত্র ৬৮ রান। তেম্বা বাভুমার দলের বিরুদ্ধে একদিনের সিরিজে রাহুলের ব্যাটে তাই বড় রানের অপেক্ষায় সমর্থকরা। অবশ্য তিনি একা নন। ইডেন ও গুয়াহাটিতে হওয়া দু’টি টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের স্পিনের বিরুদ্ধে দিশাহারা দেখিয়েছে। এর কারণটা যদিও তাঁর অজানা। রাহুলের সাফ উত্তর, ‘গত কয়েক মরশুম ধরেই আমরা স্পিনটা ভালো সামলাতে পারিনি। কেন আমরা আগে স্পিন ভালো খেলতাম, এখন কেন সমস্যা হচ্ছে — বলতে পারব না। এর কোনও নির্দিষ্ট উত্তর আমার কাছে নেই। ব্যক্তিগতভাবে এবং সবাই মিলে আমাদের উন্নতি করতে হবে। ছয়-সাত মাস পরে শ্রীলঙ্কায় এবং তার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের আগে সেই চেষ্টাটাই জরুরি। আগে যাঁরা স্পিন ভালো খেলতেন, সেই সিনিয়রদের কাছেও শেখার জন্য যেতে পারি আমরা।’
ড্রেসিং-রুমে বিরাট কোহলি ও রোহিত শর্মার উপস্থিতি মনোবল বাড়াচ্ছে দলের। রাহুল বলেছেন, ‘সিনিয়ররা দলে থাকলে ড্রেসিং-রুমকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়। ওদের উপস্থিতি ও অভিজ্ঞতা অন্যদের অনুপ্রাণিত করে। ওদের উপস্থিতিতে তাই খুশি। ওরা ছাড়াও সিনিয়র ক্রিকেটার হিসেবে জাড্ডু (রবীন্দ্র জাদেজা) রয়েছে দলে। ওদের সবার পরামর্শই পাব। আমরা সবাই দলের জন্য সেরাটা উজাড় করে দেওয়ায় বিশ্বাসী। তা সে ক্যাপ্টেন যে-ই থাক না কেন।’
নেটে গত কয়েকদিন অক্লান্ত দেখিয়েছে বিরাটকে। স্ট্রাইক রোটেশনে জোর দিচ্ছিলেন তিনি। এই প্রসঙ্গে রাহুলের মন্তব্য, ‘একদিনের ক্রিকেটে বাউন্ডারি মারার মতোই সিঙ্গলস নেওয়া গুরুত্বপূর্ণ। আর এতে বিরাট হল মাস্টার। ওর থেকেই শিখি সকলে। দলে ফিরে বিরাট নিজেও উত্তেজিত। ওর উপস্থিতি আমাদের কাছেও অমূল্য।’
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের যন্ত্রণা মন থেকে মুছে ওডিআই সিরিজে নামার কথা শুনিয়েছেন রাহুল। তাঁর কথায়, ‘এক সপ্তাহ আগে কী হয়েছে তা আমরা ভুলে গিয়েছি। রবিবারের ম্যাচেই আমাদের ফোকাস।’