Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরে বিদ্যুৎ কর্মীদের নাইট শিফট টিমের দাবি এলাকাবাসীর

কোতুলপুরে বিদ্যুৎ কর্মীদের নাইট শিফট টিমের দাবি এলাকাবাসীর
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: শহরের মতো গ্রামীণ এলাকাতেও রাতে বিদ্যুৎ বিভ্রাট হলে দ্রুত মেরামতির জন্য নাইট শিফট টিমের ব্যবস্থা করার দাবিতে সরব হয়েছেন কোতুলপুরের বাসিন্দারা। ওই মর্মে তাঁরা প্রশাসনের কাছে লিখিত দাবিও জানিয়েছেন। বিষয়টি জেলা প্রশাসনের বৈঠকেও তোলা হয়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ বণ্টন কোম্পানির পক্ষ থেকে শহরাঞ্চলে রাতের শিফটে কাজ করার জন্য পৃথক কর্মীর ব্যবস্থা রয়েছে। সেজন্য শহরে কারও বাড়িতে অথবা পাড়ায় বিদ্যুৎ বিভ্রাট হলে গভীর রাতেও কর্মীরা গিয়ে মেরামতির ব্যবস্থা করেন। কিন্তু, গ্রামাঞ্চলে সেটা হয় না। সম্প্রতি এনিয়ে কোতুলপুরের বাসিন্দারা প্রশাসনিকস্তরে দাবিপত্র জমা দেন। তা নিয়ে সম্প্রতি জেলায় প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়। বিদ্যুৎ দপ্তরের এক কর্মকর্তা সেখানে জানান, শহরে নাইট শিফট টিম রয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রামাঞ্চলে সেই ব্যবস্থা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি পাঠানোর আশ্বাস দেন।
কোতুলপুরের বাসিন্দাদের একাংশের বক্তব্য, জেলার মধ্যে কোতুলপুর অন্যতম। অর্থনীতির দিক দিয়েও কোতুলপুর অন্যান্য ব্লকের চেয়ে অনেকটাই এগিয়ে। সেই হিসেবে এখানে বিদ্যুতের চাহিদাও যেমন বেশি রয়েছে, তেমনই বিদ্যুৎ বিভ্রাট হলে তা ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ে। এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হলে দিনের বেলায় কর্মীরা এসে মেরামতির ব্যবস্থা করলেও রাতের বেলায় বিভ্রাট হলে সমস্যায় পড়তে হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছেও দাবি জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত তার কোনও উদ্যোগ দেখা যায়নি। 
তবে শহরের মতো গ্রামীণ এলাকায় রাতের জন্য পৃথক নাইট শিফট টিম রাখার পরিকল্পনা এই মূহূর্তে নেই বলে বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। তবে গ্রীষ্মকালে অতিরিক্ত একটি টিম রাখা হয়। কোথাও বিভ্রাটের খবর পেলে প্রয়োজন অনুযায়ী মেরামতির ব্যবস্থা  হয় বলে তাঁরা জানিয়েছেন। এব্যাপারে বিদ্যুৎ বণ্টন কোম্পানির বিষ্ণুপুর ডিভিশনাল ম্যানেজার অনিরুদ্ধ মণ্ডল বলেন, গ্রামীণ এলাকায় রাতের জন্য পৃথক কোনও টিম না থাকলেও গ্রীষ্মকালে যেহেতু বিদ্যুৎ বিভ্রাট বেশি হয়। সেজন্য ওই সময় বাড়তি কিছু কর্মী নিযুক্ত করা হয়। প্রয়োজন হলে রাতেও তাঁদের ব্যবহার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ