সংবাদদাতা, কল্যাণী: স্থানীয় প্রশাসনের আবেদনের ভিত্তিতে রবিবার থেকে পুজোর ক’দিন কল্যাণী শহরের মধ্যে ট্রেন চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছিল পূর্ব রেল। বলা হয়েছিল, এই ক’দিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কল্যাণী মেইন স্টেশনেই শুরু ও শেষ হবে শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালের যাত্রাপথ। কিন্তু এই ব্যবস্থাপনায় কল্যাণীর বাসিন্দাদের আপত্তি ও ক্ষোভ টের পেয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার আবেদন করে রাজ্য প্রশাসন। এই অবস্থায় সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল রেল। অর্থাৎ, পুজোয় কল্যাণী শহরে ট্রেন চলাচল স্বাভাবিকই থাকবে। কল্যাণীর বাসিন্দাদের দাবি ছিল, পুজোর সময় কল্যাণী শহরের সব রাস্তাই একপ্রকার স্তব্ধ হয়ে যায় যানজটের কারণে। বিকল্প হিসেবে ট্রেনই একমাত্র ভরসা। সেটাও বন্ধ থাকলে সমস্যা বাড়বে। এই প্রেক্ষিতে কল্যাণী শহরের মধ্যে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় রেল।



