নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার ওয়াটগঞ্জ এবং একবালপুরের মতো বন্দর এলাকার দুই ‘অতি স্পর্শকাতর’ থানা বুধবার পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে ময়দান টেন্টে এক বৈঠক শেষে আচমকাই ওয়াটগঞ্জ থানায় ঢুকে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। ওয়াটগঞ্জ থানায় ঢুকে সোজা তিনি রাজ্যের সব থানাতে সদ্য চালু হওয়া মহিলা হেল্প ডেস্ক পরিদর্শন করেন।
সূত্রের খবর, মহিলা ডেস্কে থাকা রেজিস্টার খাতা খুঁটিয়ে পড়তে দেখা যায় তাঁকে। পাশাপাশি, মহিলাদের অভিযোগের ভিত্তিতে থানা কী কী ব্যবস্থা নিয়েছে, তাও জানতে চান মুখ্যমন্ত্রী। এমনকী খাতায় সেই ঘর বা স্থান কেন ফাঁকা রয়েছে, তা নিয়েও উপস্থিত পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করেছেন তিনি। এরপর লকআপ পরিদর্শন করেন তিনি। ওয়াটগঞ্জ থানা পরিদর্শন সেরে মুখ্যমন্ত্রী একবালপুর থানায় যান। সেখানে ওসি সোমনাথ বিশ্বাসের সঙ্গে কথা বলার সময়, থানায় কী কী সমস্যা রয়েছে তা জানতে চান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, থানার নিজস্ব ভবন, মহিলা পুলিশের সংখ্যা বৃদ্ধি এবং বাড়তি বাহিনী পেলে কাজে সুবিধা হত বলে ওসি মুখ্যমন্ত্রীর কাছে আরজি রাখেন।
এদিকে, মুখ্যমন্ত্রী থানা থেকে বের হওয়ার এক ঘণ্টার মধ্যে পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার একবালপুর পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রীর এই তৎপরতায় বিস্মিত একবালপুর থানার পুলিশকর্মীরা। এরপর একবালপুর থানার সার্জেন্ট ইশাদ মহম্মদের খোঁজ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু সার্জেন্ট কোথায় রয়েছেন, তা কেউ বলতে পারছিলেন না দেখে, সবাইকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী ওসিকে বলেন, ‘ডিপোজিশন রেজিস্টারটা দেখুন।’ একবালপুর থানা থেকে বেরিয়ে লালবাজার দমকল কেন্দ্র হয়ে ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দপ্তর পরিদর্শন করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই থানা পরিদর্শনের পর এদিন বিকালে লালবাজারের পক্ষ থেকে কলকাতার সব থানার ওসিদের বলা হয়েছে, মহিলাঘটিত অপরাধের ক্ষেত্রে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। নিজস্ব চিত্র