নিজস্ব প্রতিনিধি, বরানগর: তোলা না দেওয়ায় সোমবার রাতে দমদমের এক প্রোমোটারকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিজেপি নেতাসহ একাধিক ব্যক্তির নাম জড়িয়েছিল। প্রোমোটারকে মারধরের অভিযোগে ওই রাতেই পুলিশ বিশ্বজিৎ রায় ওরফে টিকটিকি রাজুকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন বারাকপুর আদালতের বিচারক সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ এই ঘটনায় আরও দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। আক্রান্ত প্রোমোটার বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন।
দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পি কে গুহ রোডের কুমোরপাড়া মোড়ের বাসিন্দা অমরনাথ সিংহ। সোমবার রাতে তিনি বাড়ির কয়েকশো মিটার দূরে নিজের অফিসে বসে কাজ করছিলেন। দমদমের ৭ নম্বর ওয়ার্ডে তিনি সম্প্রতি একটি আবাসনের কাজ শুরু করেছিলেন। অমরনাথবাবুর অভিযোগ, ওই আবাসনের কাজের জন্য তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। তিনি দিতে রাজি হননি। তাই সোমবার রাতে ১৫-২০ জন তাঁর অফিসে সামনে জড়ো হয়। তারপর তাঁর উপর হামলা চলে। বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় পরপর আঘাত করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বিজেপি নেতা খোকন কর ছাড়াও স্বপন অধিকারী, টিকটিকি রাজু, তন্ময় সহ আরও কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়। টিকটিকি রাজু গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত খোকন করের খোঁজ পায়নি পুলিশ। তিনি এলাকার বাইরে গাঢাকা দিয়েছেন বলে সন্দেহ পুলিশের। দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি বলেন, ‘দল ও রাজনৈতিক রং না দেখে পুলিশ কঠোর পদক্ষেপ করবে।’