নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সারা দেশে শহর ও শহরতলির লোকাল ট্রেনে এক বছরে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে তিন কোটিরও বেশি। সার্বিকভাবে বছরে সারা দেশে রেল যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আড়াই কোটিরও বেশি। রবিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে রেল বোর্ড। মন্ত্রকের পরিসংখ্যান জানাচ্ছে, ২০২৫ সালের আগস্ট মাসে শহর ও শহরতলির লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা ছিল ৩৪ কোটি ৮৯ লক্ষ। এক বছরের ব্যবধানে তা বেড়ে হয়েছে ৩৮ কোটি ১ লক্ষ। অর্থাৎ, লোকাল ট্রেনে যাত্রী বেড়েছে ৩ কোটি ১২ লক্ষ। অন্যদিকে, গত বছর আগস্টে দেশব্যাপী সাধারণ রেল যাত্রীর সংখ্যা ছিল ৬৪ কোটি ৪৩ লক্ষ। মাত্র এক বছরের ব্যবধানে তা ২ কোটি ৮৪ লক্ষ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৭ কোটি ২৭ লক্ষ। প্রশ্ন উঠছে, রেল যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলেও কেন তার সঙ্গে পাল্লা দিয়ে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করছে না রেল? রেল সূত্রে জানানো হয়েছে যে, উৎসবের মরশুমে শুধুমাত্র দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনই নয়। শহর ও শহরতলির লোকাল ট্রেনের সংখ্যাও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা হতে পারে। গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ে এবং দুর্গাপুজোর সময় কলকাতা ও শহরতলিতে লোকাল ট্রেনের সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধির ব্যাপারে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়েছে। তবে উৎসবের মরশুমে কোন জোন দূরপাল্লার কত স্পেশাল ট্রেন পাবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি রেল বোর্ড।



