নয়াদিল্লি: অরুণাচল প্রদেশের আপার সিয়াংয়ে ১১ হাজার ২০০ মেগা ওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চলছে। তা অব্যাহত ছিল বৃহস্পতিবারও। ইতিমধ্যে বহু আন্দোলনকারীকে আটক করেছে প্রশাসন। মামলাও দায়ের হয়। আটকদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি সমস্ত মামলা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে। বৃহস্পতিবারের প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন আদিবাসীদের অধিকার রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজকর্মীরা। যোগ দেয় যুব সমাজও। প্ল্যাকার্ড হাতে প্রকল্পের বিরুদ্ধে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য। আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় আপার সিয়াং জেলা প্রশাসন। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয় চার স্থানীয়কে। ২৩ অক্টোবর বন্ধের ডাক দেওয়া হয়। বাঁধ বিরোধী বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে ৫ কিশোর সহ ২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তালিকায় ছিলেন মানবাধিকার কর্মী এবো মিলি, যুব নেতা ওতুল জেরাং ও সমাজকর্মী তাজোং তালোম। গত সোমবার থেকে অনশন শুরু করেছেন মিলি ও জেরাং। স্থানীয়দের অভিযোগ, এই প্রকল্প হলে তাঁদের পৈতৃক ভিটে, স্থানীয় আদিবাসী সম্প্রদায় ও সিয়াং নদী কার্যত ধ্বংস হয়ে যাবে। তাই অবিলম্বে সমীক্ষা বন্ধ রাখা হোক। পাশাপাশি, উপত্যকা থেকে বাহিনী প্রত্যাহার করুক প্রশাসন।



