Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সন্দেহভাজন মাদক কারবারির বাড়ি ভাঙচুরের চেষ্টা স্থানীয় বাসিন্দাদের

সন্দেহভাজন মাদক কারবারির বাড়ি ভাঙচুরের চেষ্টা স্থানীয় বাসিন্দাদের
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: মাদক কারবারে অতিষ্ট বাসিন্দারা। নিত্যদিন এলাকায় স্থানীয় এবং বহিরাগত মাদকাসক্তদের আনাগোনা। এমনই অভিযোগে সরব হয়ে ঝাড়ু, লাঠি নিয়ে শতাধিক মহিলা সন্দেহভাজন মাদক কারবারির বাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জ শহরের ৮ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায়। শেষপর্যন্ত রায়গঞ্জ থানার পুলিস বাসিন্দাদের বুঝিয়ে কোনওমতে পরিস্থিতি আয়ত্তে আনে। তবে পুলিসকেও বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। শক্তিনগরে মাদক কারবার বন্ধে পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শহরের প্রাণকেন্দ্র মোহনবাটি থেকে কয়েকশো মিটারের ব্যবধানে ৮ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকা। বরাবরই এই এলাকা শহরের অন্যান্য পাড়ার তুলনায় অশান্ত। নিত্যদিন ছোটখাটো মারপিট, ঝামেলা লেগেই থাকে। বর্তমানে সেখানে মাদক কারবারের বাড়বাড়ন্ত শুরু হয়েছে বলে স্থানীয়দের বক্তব্য। অভিযোগ, আগে এলাকায় মাদকাসক্তদের দেখা মিলত না। কিন্তু এখন অন্তত ১২ টি বাড়ি রয়েছে, যেখান থেকে সরাসরি মাদকের খুচরো কারবার চলে। ছোট ছোট পুরিয়া আকারে সেই মাদক বিক্রি হচ্ছে স্বাভাবিকভাবে মাদকের টানে স্থানীয় কিছু ছেলেমেয়ে ছাড়াও বহিরাগতদের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। যারা নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়ায়। বাসিন্দাদের বক্তব্য, বর্তমানে শক্তিনগরের যা পরিস্থিতি, তাতে সুস্থ মানসিকতার মানুষজনের পক্ষে পরিবার-পরিজন নিয়ে বসবাস করাটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খোদ ওয়ার্ড কো-অর্ডিনেটর বরুণ বন্দ্যোপাধ্যায়ও বিরক্ত। তাঁর কথায়, এলাকায় মাদক কারবারী ও মাদকাসক্তদের জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা দিনকয়েক আগেও রায়গঞ্জ থানায় বিষয়টি জানিয়ে এসেছি। এক্ষেত্রে পুলিস দ্রুত ব্যবস্থা নিক। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার। শক্তিনগরের বাসিন্দা রেখা পাসওয়ানের অভিযোগ, মাদকের কারবারের জন্য এলাকার ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে চুরির মতো অপরাধে যুক্ত হচ্ছে। শেষপর্যন্ত পুলিস তাদের চুরির দায়ে গ্রেপ্তার করেছে। বিষয়টি জানানোর পরও পুলিস প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। তাই এদিন মাদক কারবারির বাড়ি ভাঙচুরের জন্য জড়ো হই। তবে পুলিস এসে সকলকে আটকেছে। এলাকার আরেক বাসিন্দা জুগনু পাসওয়ান বলছেন, পুলিস মাদক কারবারিদের গ্রেপ্তার করুক।       নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ