সংবাদদাতা, নবদ্বীপ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে নবদ্বীপে এক মাসব্যাপী একাধিক কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, নরেন্দ্র মোদির জন্মদিন। ওইদিন তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কৃষ্ণযজ্ঞের আয়োজন করা হয়েছে নবদ্বীপে। যজ্ঞ শেষে সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পাশাপাশি নবদ্বীপ বিধানসভার নিমাইয়ের জন্মস্থানঘাট সহ নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ বিভিন্ন গুরুত্বপূর্ণ গঙ্গারঘাট প্রদীপে সাজিয়ে তোলা হবে। এছাড়া নবদ্বীপ বিধানসভা এলাকার বিভিন্ন মঠ মন্দিরগুলিতেও প্রদীপ প্রজ্জ্বলনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মঠ মন্দির ও আশ্রমের অধ্যক্ষ, বৈষ্ণব ও কর্তৃপক্ষের কাছে প্রদীপ জ্বালানোর আবেদন জানানো হবে।
ওই দিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্থানীয় রাধাবাজার পার্কে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কৃষ্ণযজ্ঞের আয়োজন করা হয়েছে। এছাড়া ওই দিন সন্ধ্যা সাতটায় নবদ্বীপের ফাঁসিতলা গঙ্গারঘাটে গঙ্গা আরতি হবে। এই অনুষ্ঠানে নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরের সাধুসন্ত, বৈষ্ণব, অধ্যক্ষ সহ বিভিন্ন বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
একইসঙ্গে গোটা বিধানসভা এলাকার বিভিন্ন বাড়ি ও বিশেষ স্থান মিলিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি রয়েছে। বিধানসভা পিছু ৫০ হাজার প্রদীপ জ্বালানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া পরিবারগুলির বাড়িতেও বিজেপির কর্মীরা নির্ধারিত সময়ে প্রদীপ পৌঁছে দেবেন। প্রধানমন্ত্রীর
জন্মদিনের কর্মসূচিকে ঘিরে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭অক্টোবর পর্যন্ত পুরো একমাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঠিক করা হয়েছে প্রতিটি বুথে প্রতিটি প্রদীপ হবে নরেন্দ্র মোদিজির ২৫ বছরের জনসেবার প্রতি কৃতজ্ঞতা এবং « বিকশিত ভারত ২০৪৭» সম্মিলিত সংকল্পের প্রতীক। বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগীদের তালিকা রাজ্য সরকার কর্তৃক বুথ সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বুথ সদস্যরা প্রতিটি সুবিধাভোগীর বাড়িতে যাবেন এবং «আশীর্বাদ কা দীয়া» প্রজ্জালনের আমন্ত্রণ জানাবেন।
এই উৎসব মুহূর্তে নবদ্বীপ পুরসভা ও বিধানসভা এলাকায় পরিচ্ছন্নতা অভিযানও শুরু হবে। জঙ্গল ও নিকাশি নালা পরিষ্কারের পাশাপাশি মশা নিধনে দু’টি মশা মারার কামান ব্যবহার করা হবে। জঙ্গল পরিষ্কারের জন্য তিনটি অত্যাধুনিক যন্ত্র আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এক মাস ধরে চলবে।
এছাড়াও জন্মদিনকে কেন্দ্র করে এক মাসে মোট ১৩টি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে।
বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে প্রতিটি বিধানসভা এলাকায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আমরাও এই সকল অনুষ্ঠান সাফল্যের সঙ্গে পালন করতে চলেছি।