নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগান অনুশীলনে কান পাতলে একটাই শব্দ ভেসে আসবে। ‘প্রেস, প্রেস অ্যান্ড প্রেস’। মরশুমের মাঝপথে দায়িত্ব নিয়ে গোটা দলের ভোল বদলে দিয়েছেন সের্গিও লোবেরা। ভারতের মাটিতে এফসি গোয়া, মুম্বইয়ে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন এই স্প্যানিয়ার্ড। তবে ওড়িশাতে সেই ধারা বজায় রাখতে ব্যর্থ তিনি। তাই মোহন বাগানের দায়িত্ব নিয়ে আবার আইএসএল ট্রফির স্বাদ পেতে মরিয়া লোবেরা। আর গত কয়েক সপ্তাহ অনুশীলনে তাই ফুটবলারদের থেকেও সেরাটা নিংড়ে নিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি তিনি। এবার লক্ষ্য, জয় দিয়ে লিগ অভিযান শুরু করা। তার জন্য আক্রমণাত্মক ফুটবলই তাঁর হাতিয়ার।
দায়িত্ব নিয়েই সবার আগে ফুটবলারদের ফিটনেসের উপর জোর দেন লোবেরা। বেশ কয়েক কেজি ওজন কমিয়ে এখন অনেকটাই ছিপফিপে রবসন, কামিংসরা। একইসঙ্গে দলের ফর্মেশনেও বদল আনছেন বাগান কোচ। প্রাক্তন কোচ হোসে মোলিনার আমলে সিংহভাগ ম্যাচেই দুই বিদেশি ডিফেন্ডারে খেলেছিল মোহন বাগান। তবে আক্রমণে জোর দিতে আলড্রেডকে বেঞ্চে রেখেই শনিবার কেরলের বিরুদ্ধে দল সাজাবেন সবুজ-মেরুন কোচ। সেক্ষেত্রে আপফ্রন্টে তিন বিদেশি নিয়েই শুরু করবে মোহন বাগান। আর রক্ষণে আলবার্তোর সঙ্গী হবেন মেহতাব সিং। একইসঙ্গে জোড়া ডিফেন্সিভ মিডিওর পরিবর্তে সাহালকে শুরু থেকে রেখে ৪-১-৩-২ ফর্মেশনে দল নামাতে পারেন বাগান কোচ।আইএসএলের অভিযান শুরুর আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচে ছেলেদের পরখ করে নেন লোবেরা। সেখানে ম্যাকলারেন, দিমিত্রি, কামিংসদের গোলের মধ্যে থাকাটা অবশ্যই স্বস্তিতে রাখছে তাঁকে। তবে গত কয়েক মরশুমে উইং-ব্যাকের দুর্বলতা বারবার ভুগিয়েছে মোহন বাগানকে। এবার সেই সমস্যা কতটা কাটিয়ে উঠতে পারেন লোবেরা, তার উপর অনেকটাই নির্ভর করবে দলের সাফল্য। এদিন আবার অনুশীলন শেষে ফুটবলারদের হাতে নতুন কিট তুলে দেওয়া হয়। সেই বাক্স হাতেই বাড়ির পথ ধরলেন শুভাশিস, দীপ্যেন্দুরা।এদিকে, যুবভারতী ক্রীড়াঙ্গনে এখনও বাকেট চেয়ার বসানোর কাজ চলছে। তাই প্রথম ম্যাচে পুরো টিকিট ছাড়তে পারছে না মোহন বাগান। বৃহস্পতিবার বিকেলে অফলাইন টিকিট পেতে পারেন সমর্থকরা।