নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: লোনের কিস্তি মেটাতে না পেরে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ বাজার সংলগ্ন সাহাপাড়া এলাকায়। মৃতের নাম সন্তোষ সাহা (৪৫)। ১৫ ও ১২ বছরের তাঁর দু’টি মেয়ে রয়েছে। গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতেই আত্মঘাতী হন তিনি। বৃহস্পতিবার তাঁর দেহের ময়নাতদন্ত হয় জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে। পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
এদিন মর্গে সন্তোষের দেহ নিতে এসেছিলেন ভাই ননী সাহা। তিনি বলেন, দাদা ও বউদির মধ্যে বেশ কয়েকমাস ধরে বিবাদ চলছিল। এর জেরে বউদি মেয়েদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। দাদা আগে একটা মুদি দোকানে কাজ করত। কিন্তু বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাটের পর ঠিকমতো দোকানে যেত না। সেকারণে দোকানের কাজ চলে যায়। বউদি বাড়িতে থাকাকালীনই ক্ষুদ্র অর্থলগ্নি সংস্থার কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিল। কিছুদিন ধরে ঠিকমতো ওই লোনের কিস্তির টাকা মেটাতে পারছিল না। ফলে কয়েকদিন আগে লোন প্রদানকারী সংস্থা নোটিস ধরিয়ে দিয়ে যায়। কীভাবে লোনের টাকা জোগাড় হবে, তা ভেবে না পেয়েই দাদা আত্মহত্যা করেছে বলে আমাদের অনুমান।



