নয়াদিল্লি: কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেননি কেউই। তার পরেও স্পাইওয়্যারের মাধ্যমে ২৪টি দেশের ৯০ জন ব্যবহারকারীর ফোন হ্যাক করার চেষ্টা হয়েছে বলে জানাল হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর, এর নেপথ্যে রয়েছে প্যারাগন সলিউশন নামে ইজরায়েলের এক সংস্থার তৈরি হ্যাকিং সফ্টওয়্যার। তা কাজে লাগিয়েই সাংবাদিক থেকে সমাজকর্মী অনেকেরই ফোন হ্যাকের চেষ্টা করা হয়েছে। সাধারণত বিভিন্ন দেশের সরকারি সংস্থাগুলিকে এই প্রযুক্তি বিক্রি করে প্যারাগন। এই ঘটনার কথা সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে।
Advertisement
ফোন হ্যাক করার জন্য সাধারণত কোনও ব্যবহারকারীর নম্বরে লিঙ্ক পাঠায় হ্যাকাররা। কিন্তু এক্ষেত্রে সেরকম কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের। তারা জানিয়েছে, প্যারাগনের এই স্পাইওয়্যারের মাধ্যমে ‘জিরো ক্লিক’ হ্যাক করা হচ্ছে। এর অর্থ, কোনও ক্ষতিকারক লিঙ্কে ক্লিক না করলেও ফোন হ্যাক হয়ে যায়। যা অত্যন্ত উদ্বেগের। এর ফলে ফোন হ্যাক হয়ে গেলেও ব্যবহারকারী তা টের পাবেন না। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে অবশ্য টার্গেটদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাঁদের অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের সাংবাদিক বা সমাজকর্মী বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।



