Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লম্বা পিত্তথলির জটিল অপারেশন, সাফল্য দেবেন মাহাত হাসপাতালের

লম্বা পিত্তথলির জটিল অপারেশন, সাফল্য দেবেন মাহাত হাসপাতালের
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরুলিয়া: জটিল অপারেশনে বড় সাফল্য পেল পুরুলিয়ার দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এক গৃহবধূর প্রায় ২৫ সেন্টিমিটার লম্বা পিত্তথলির অস্ত্রোপচার হয়। এত লম্বা পিত্তথলি বিরলতম বলে দাবি চিকিৎসকদের। 
Advertisement
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের রেনি রোড এলাকার বাসিন্দা আরতি কুমারী বাউরি। বছর ২৫-এর ওই যুবতী এর আগে পেটব্যথার উপসর্গ নিয়ে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। পরে সেখান থেকে ছাড়া পেয়ে মেডিক্যাল কলেজের আউটডোরে চিকিৎসা করান। তারপরই ওই যুবতীকে ফের ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। বুধবার তাঁর অস্ত্রোপচার হয়। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজের শল্য বিভাগের ইউনিট ২ এর অন্তর্গত চিকিৎসক পবন মণ্ডল, মনীষা দেওঘরিয়া সহ অ্যানাস্থেটিস্ট হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক অনামিত্র মণ্ডল, সোমা সানিয়াল এবং মনোজ বেহারা। ওই চিকিৎসক টিমের নেতৃত্বে থাকা মাইক্রো ও লেসার সার্জারির বিশেষজ্ঞ পবন মণ্ডল বলেন, পিত্তথলির যেভাবে অবস্থান ছিল, তাতে দেখে মনে হচ্ছিল দু’টি পিত্তথলি রয়েছে। পিত্তনালির সঙ্গে দৃশ্যমান দু’টি পিত্তথলি সংযোগস্থল জটিল ভাবে সংযুক্ত ছিল। কিন্তু মাইক্রো সার্জারির সময় দেখা যায় একটি পিত্তথলি রয়েছে। প্রায় ২৫ সেন্টিমিটার লম্বা ওই পিত্তথলি। এটা কার্যত বিরল। পিত্তথলি সাধারণত ৫ থেকে ৮ সেন্টিমিটার লম্বা। এছাড়া পিত্তথলির মধ্যে ১৭টি পাথরও পাওয়া গিয়েছে। ডাঃ মণ্ডল আরও বলেন, অবস্থানগতভাবে ওই পিত্তথলি এমনভাবে ছিল যে, মাইক্রো সার্জারি করতে দু’ঘন্টার বেশি সময় লেগে যায়। পিত্তনালী এবং লিভারের গুরুত্বপূর্ণ অংশের ক্ষতের সম্ভাবনা ছিল। পুরুলিয়াতে সীমিত পরিকাঠামোর মধ্যেই এই স্বল্প ক্ষত পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা হয়েছে। রোগী বর্তমানে ভালো আছেন। 
মেডিক্যাল কলেজ সূত্রে আরও জানা গিয়েছে, স্বল্প ক্ষত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ওই গৃহবধূর জটিল অস্ত্রোপচার সম্ভব হওয়ায় খুশি রোগীর আত্মীয়রাও। রোগীর আত্মীয় টুম্পাদেবী বলেন, পুরুলিয়াতে সরকারি হাসপাতালেই এত বড় আকারের অস্ত্রোপচার মাইক্রো সার্জারি পদ্ধতির মাধ্যমে করা যাবে, তা ভাবতে পারিনি। চিকিৎসকদের চেষ্টায় এটা সম্ভব হল। অস্ত্রোপচার এবং তারপরও অনেক যত্ন করে সব পরিষেবা দিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। একদিন পরেই রোগীকে উঠে বসিয়েছিলেন চিকিৎসকরা। এ বিষয়ে মেডিক্যাল কলেজের এমএসভিপি সুকোমল বিষয়ী বলেন, সার্জারি বিভাগ যথেষ্ট সফলতার সঙ্গে অস্ত্রোপচারটি সম্পন্ন করেছে। ওদের ধন্যবাদ জানাতেই হয়। শল্য বিভাগ থেকে যা জানতে পেরেছি, বেশ লম্বা ছিল পিত্তথলিটি, সেই সঙ্গে জন্মগতভাবে এরকম অবস্থান কার্যত বিরল।
সম্পর্কিত সংবাদ