নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কয়লা পাচার কাণ্ডে আদালতকে বিভ্রান্ত করছে সিবিআই! মঙ্গলবার মামলার চার্জগঠনের দিন এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ইসিএলের প্রাক্তন সিকিউরিটি ম্যানেজার মুকেশ কুমার। চার্জ গঠন প্রক্রিয়া শেষে এজলাসেই সরাসরি বিচারকের কাছে গিয়ে এই অভিযোগ করেন কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত। তিনি বিচারক রাজেশ চক্রবর্তীকে বলেন, আমার জামিনের বিরোধিতা করে পাঁচবার সিবিআই আদালতকে জানিয়েছে, আমার সঙ্গে অনুপ মাজি ওরফে লালাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। অথচ, শুনানি পর্বে একদিনও লালার সঙ্গে আমাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হল না। এখন তো মামলার চার্জগঠন হয়ে গেল। তাহলে মুখোমুখি বসিয়ে জেরা করার আর কোনও সুযোগই নেই। বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, এই এজলাসে মামলাটি যে পর্যায়ে রয়েছে, সেখানে এর বিহিত করা সম্ভব নয়। যদি আপনি মনে করেন আপনার প্রতি অবিচার হয়েছে বা সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন থাকে, তাহলে আপনি উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন।



