সংবাদদাতা, লালবাগ: লালগোলা থানার বিরামপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে জয়জয়কার তৃণমূল সমর্থিত প্রার্থীদের। রবিবার প্রথমবার সমবায় সমিতির মোট ন’টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ন’টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা আটটিতে এবং বাম-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা মাত্র একটিতে জয়লাভ করেন। অশান্তি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সমবায় সমিতি এবং সংলগ্ন এলাকাকে পুলিসের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়। সকাল থেকে ভোটাররা এক এক করে ভোট দিতে আসেন। ভোটপর্ব সম্পূর্ণ নির্বিঘ্নে ও শান্তিতে সম্পন্ন হয়। ভোট নিয়ে বিরোধীদের কোনও অভিযোগ ছিল না। নির্বাচনের ফল ঘোষণা হতেই স্থানীয় তৃণমূলের নেতা ও কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। নিজেদের মধ্যে সবুজ আবির খেলায় মেতে ওঠেন। প্রসঙ্গত, ১৯৭৬ সালে বাম আমলে বিরামপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পথ চলা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে মনোনীত সদস্যরাই সমবায় সমিতি পরিচালনা করে এসেছেন। এবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল। তৃণমূলের লালগোলা ব্লক সভাপতি মোতাহার হোসেন রিপন বলেন, জোট সমর্থিত প্রার্থীরা ন’টি আসনেই লড়াই করেছিলেন। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই জয় আমদের উৎসাহিত করল।



