Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলা থেকে পাকড়াও এক মাদক পাচারকারী, উদ্ধার ৩০০ গ্রাম হেরোইন

লালগোলা থেকে পাকড়াও এক মাদক পাচারকারী, উদ্ধার ৩০০ গ্রাম হেরোইন
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: কুয়াশার দাপট শুরু হতেই সক্রিয় হয়ে উঠেছে লালগোলার মাদক কারবারিরা। মঙ্গলবার গভীর রাতে আশারিদহ বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে দুই কারবারিকে গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা না কাটতেই হেরোইন সহ আরও এক যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। বুধবার রাতে লালগোলা রেলগেট লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিস হেরোইন সহ ওই যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম জাহাঙ্গির শেখ। বাড়ি লালগোলা থানার নতুন নলডহরি। ধৃতকে বৃহস্পতিবার বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হয়। ভগবানগোলা এসডিপিও উত্তম গরাই বলেন, লালগোলার এক কারবারির থেকে হেরোইন নিয়ে খান্দুয়ার এক পাচারকারীকে পৌঁছে দেওয়ার জন্য দুই যুবক যাচ্ছিল। লালগোলা রেলগেট লাগোয়া এলাকা থেকে জাহাঙ্গির শেখকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে ২৯৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। তবে অপর যুবক পালিয়ে যায়। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য ছয় লক্ষ টাকা। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, খান্দুয়ার বাসিন্দা এক পাচারকারীকে পৌঁছে দেওয়ার বরাত দেওয়া হয়েছিল। ওই কাজের জন্য দু’জনকে চার হাজার টাকা দেওয়ার চুক্তি হয়েছিল। সুযোগসুবিধা মতো খান্দুয়ার পাচারকারী কাঁটাতারের ওপারে পৌঁছে দিত। 
Advertisement
লালগোলা থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, সোর্স মারফত আগাম খবর ছিল, বুধবার রাতে লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়কে মাদক পাচার হবে। সন্ধ্যা থেকে লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়কের কয়েকটি পয়েন্টে নাকা তল্লাশি শুরু হয়। রাত সাড়ে ন’টা নাগাদ জাহাঙ্গির ও তার সঙ্গী হেরোইন নিয়ে খান্দুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। লালগোলা রেলগেট এলাকায় পুলিসের উপস্থিতি লক্ষ্য করে একজন পালিয়ে যায়। তবে হেরোইন সহ জাহাঙ্গিরকে পাকড়াও করা হয়। তার কাছে থাকা কালো প্লাস্টিকের ক্যারিবাগ থেকে হেরোইন বাজেয়াপ্ত করা হয়। এদিকে শীতের শুরু থেকেই মাদক কারবারিরা সক্রিয় হয়ে ওঠায় সীমান্তের বিএসএফের পাশাপাশি জেলা পুলিস প্রশাসনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, সীমান্তে মাদক কারবারে রাশ টানতে নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ