সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার রাতে লালগোলা থানার ভবানীপুর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিস চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম খাইরুল শেখ ওরফে বাবু, ময়েন আলি, আসাদুল শেখ ও ইমদাদুল শেখ। প্রথম দু’ জনের বাড়ি রাজশাহি জেলায় এবং অপর দু’ জন চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। ধৃতদের বুধবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিস হেফাজত মঞ্জুর করেন। ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, ওই চারজনের লালগোলা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। স্থানীয় এক দালালের কথামতো ওরা ওই এলাকায় অপেক্ষা করছিল। সুযোগ মতো ওপারে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল দালাল। ধৃতদের কাছে এদেশে আসার বৈধ কাগজপত্র ছিল না। ফলে অনুপ্রবেশের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়া হয়েছে।
Advertisement
লালগোলা থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই চার বাংলাদেশি পাঁচ মাস আগে লালগোলা সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করে। তাদের অনুপ্রবেশে সাহায্য করেছিল দুই বাংলার দালালরা। এদেশে অনুপ্রবেশের পর তারা দক্ষিণ ভারতে চলে যায়। সেখানে গত কয়েক মাস ধরে পরিযায়ী শ্রমিকের কাজ করছিল। দক্ষিণ ভারতে তাদের পরিযায়ী শ্রমিকের কাজ পেতে সাহায্য করেছিল লালগোলার এক বাসিন্দা। দক্ষিণ ভারত থেকে মঙ্গলবার চার বাংলাদেশি শিয়ালদহ স্টেশনে আসে। সেখান থেকে ট্রেনে চেপে সন্ধ্যায় লালগোলায় পৌঁছয়। রাত সাড়ে ন’টা নাগাদ ভবানীপুর মোড় সংলগ্ন এলাকায় তারা ঘোরাঘুরি করছিল। দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা লালগোলা থানায় খবর দেন। পুলিস জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। শেষপর্যন্ত তারা অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করে নেয়।



