সংবাদদাতা, লালবাগ: ওপারে পাচারের আগে প্রচুর পরিমাণে হেরোইন ও ওষুধ বাজেয়াপ্ত করল বিএসএফ। শুক্রবার রাতে লালগোলা থানার রামনগর রেনু ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা হেরোইন ও ওষুধ বাজেয়াপ্ত করে। তবে ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বাজেয়াপ্ত হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য ১ কোটি ১৭ লক্ষ টাকা। পরে বিএসএফের পক্ষ থেকে হেরোইন ও ওষুধ লালগোলা থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতে আচমকাই বিদ্যুৎ চলে যায়। তখন টহলরত জওয়ানরা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক আওয়াজ শুনতে পান। জওয়ানরা লক্ষ্য করেন, পাঁচ-ছয় জনের একটি দল বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে ভারতের দিক থেকে কয়েকজন বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে। বিএসএফের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশিরা পিছু হটতে শুরু করলেও এপারের চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপর হামলা চালাতে যায়। তখন জওয়ানরা দু’রাউন্ড গুলি চালানোর পাশাপাশি দু’টি গ্রেনেড ছোঁড়ে। তারপরই পিছু হটে পাচারকারীরা। তারা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে যায়। পরে বিএসএফ জওয়ানরা তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগ থেকে ২ কেজি ৩০৬ গ্রাম হেরোইন সহ বিভিন্ন ট্যাবলেট বাজেয়াপ্ত করে। ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই বলেন, চোরাচালানে জড়িত দু›জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বাড়ি লালগোলা থানার রামনগর এলাকায়। এই ঘটনায় লালগোলা থানায় অভিযোগ দায়ের করেছে বিএসএফ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।



