সংবাদদাতা, লালবাগ: সোমবার গভীর রাতে লালগোলা থানার দেওয়ানসরাই মোড়ে নাকা তল্লাশির সময় হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতরা হল সামসাদ শেখ ও ইনজামুল হক। তাদের বাড়ি লালগোলা থানার শিশারঞ্জনপুরে। ধৃতদের মঙ্গলবার বহরমপুরে মাদক-সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হয়। বিচারক তাদের তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, ধৃত দুই যুবক বহুদিন ধরে মাদক কারবারিদের ক্যারিয়ারের কাজ করে। ওইদিন লালগোলার এক কারবারির কাছ থেকে হেরোইন নিয়ে সীমান্ত এলাকার কোনও কারবারিকে হাতবদলের জন্য যাচ্ছিল। খবর পেয়ে দেওয়ানসরাই মোড়ে অভিযান চালিয়ে ২৭৫গ্রাম হেরোইন সহ তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে দেওয়ানসরাই এলাকা দিয়ে মাদক পাচার হবে-গোপন সূত্রে তা আগেই জানতে পেরেছিল পুলিস। সেই অনুযায়ী ওইদিন সন্ধ্যা থেকে দেওয়ানসরাই মোড় ও সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু হয়। গভীর রাতে ওই দুই যুবক টোটোয় চেপে আসে। দেওয়ানসরাই মোড়ের কিছুটা আগে নেমে তারা মোড়ের দিকেই হেঁটে আসে। অত রাতে দু’জনকে দেখে পুলিসের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতেই কথাবার্তায় অসঙ্গতি দেখা যায়।



