Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলায় দুই বাংলাদেশি সহ ধৃত ৩

লালগোলায় দুই বাংলাদেশি সহ ধৃত ৩
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: শনিবার রাতে লালগোলা থানার নতুনগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিস দুই বাংলাদেশি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম পারভেজ মোশারফ, মহম্মদ নেসবাউল এবং বাবলু শেখ। প্রথম দু’জন বাংলাদেশের নাগরিক। বাবলুর বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়। বাবলু ওই বাড়ির মালিক। ধৃতদের রবিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশের অভিযোগে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী জেনেও বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে বাবলুকেও গ্রেপ্তার করা হয়েছে। দুই বাংলাদেশি কোন পথে এদেশে প্রবেশ করেছিল এবং তাদের কে বা কারা অনুপ্রবেশে সাহায্য করেছিল, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা দুই বাংলাদেশি লালগোলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশ করে। অনুপ্রবেশের পর থেকে লালগোলার নতুনগ্রামে বাবলু শেখের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। সোর্স মারফত খবর পেয়ে শনিবার রাতে পলিস বাবলুর বাড়িতে অভিযান চালায়। তাদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়।
সম্পর্কিত সংবাদ