সংবাদদাতা, লালবাগ: সোমবার রাতে লালগোলা থানার বিলবোরা কোপরা পঞ্চায়েতের আমতলা মোড় থেকে পুলিস এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ রাজেশ। তার বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলায়। লালগোলা থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে লালগোলা থেকে লুৎফুর রহমান নামে চাপাই নবাবগঞ্জের বাসিন্দা এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই মহম্মদ রাজেশের নাম জানা যায়। ওইদিন রাতে আমতলার একটি চায়ের দোকান থেকে রাজেশকে আটক করা হয়। এদেশে আসার কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পরে তাকে গ্রেপ্তার করে পুলিস। লালগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, প্রায় দু’বছর আগে ওই দুই বাংলাদেশি একসঙ্গে মুর্শিদাবাদের সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশ করে। এখন তারা দু’জনেই আবার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল।



