Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলায় ধারে নির্মাণসামগ্রী না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরে অভিযুক্ত বিএসএফ

লালগোলায় ধারে নির্মাণসামগ্রী না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরে অভিযুক্ত বিএসএফ
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: ধারে নির্মাণসামগ্রী না দেওয়ায় ব্যবসায়ীকে গোরু পাচারের মিথ্যা অভিযোগে মারধর করা হয়েছে। এমনই অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। মহম্মদ আসলাম নামে ওই ব্যবসায়ী লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বিএসএফের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, ওই ঘটনায় কেউ এখনও স্থানীয় থানায় অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্ত করে দেখা হবে।
Advertisement
লালগোলা থানার চাওরপাড়ার বাসিন্দা মহম্মদ আসলামের মীরপুরে হার্ডওয়্যারের দোকান রয়েছে। তাঁর অভিযোগ, শুক্রবার সকালে বিএসএফের খান্দুয়া ক্যাম্পে ডেকে তাঁকে মারধর করা হয়। কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের বিছানায় শুয়ে ওই যুবক বলেন, ১৫দিন আগে খান্দুয়া ক্যাম্পের এক আধিকারিক ডেকে এক গাড়ি বালি, এক গাড়ি পাথর ও ৩০বস্তা সিমেন্টের অর্ডার দেন। আমি মাল নিয়ে ক্যাম্পে যাই। কিন্তু ক্যাম্পের ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, এর আগে ক্যাম্পের কাজের জন্য ঠিকাদারকে প্রচুর নির্মাণসামগ্রী সরবরাহ করেছ। তাই এই নির্মাণসামগ্রীর দাম দেব না। এরপর আমি সমস্ত নির্মাণসামগ্রী ফিরিয়ে নিয়ে আসি। শুক্রবার সকালে ক্যাম্প থেকে ফোন করে বলা হয়, টাকা মিটিয়ে নির্মাণসামগ্রী নেওয়া হবে। বিএসএফের ডাকে ওই দিন সকাল সাড়ে ১১টা নাগাদ ক্যাম্পে যাই। কিন্তু সেখানে পৌঁছতেই গোরু পাচারের অভিযোগ তুলে কয়েকজন জওয়ান আমাকে বিবস্ত্র করে মারধর শুরু করে। কিছুক্ষণ পর আমি জ্ঞান হারাই। কে আমাকে হাসপাতালে নিয়ে এসেছে জানি না। খান্দুয়া ক্যাম্পের এক বিএসএফ আধিকারিক বলেন, আমরা গোয়েন্দা সূত্রে খবর পাই, ওই যুবক বাংলাদেশে গোরু পাচারের সঙ্গে যুক্ত। সেই কারণে তাকে ডেকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। তারপর কোথায় কী হয়েছে, আমরা জানি না।
সম্পর্কিত সংবাদ