Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলায় বেপরোয়া গতির বলি ২, জখম দুই

লালগোলায় বেপরোয়া গতির বলি ২, জখম দুই
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: রবিবার রাতে লালগোলা থানার ভবানীপুর মোড় সংলগ্ন এলাকায়  বেপরোয়া গতির বলি হলেন দুই যুবক। জখম হয়েছেন আরও দু’জন। পুলিস জানিয়েছে, মৃত দুই যুবকের নাম রজব আলি(১৯) ও তাহিরুল হক(২০)। দু’জনেই লালগোলা থানার ভবানীপুরের বাসিন্দা। জখমরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিস মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ওইদিন রাতে জলসা শেষে এক বন্ধুকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তরতাজা দুই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে লালগোলা থানার নলডহরিতে জলসার অনুষ্ঠান ছিল। ভবানীপুরের বাসিন্দা চার যুবক ও নদাইপুরের এক যুবক দু’টি বাইকে চেপে নলডহরিতে অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে রাত ১১টা নাগাদ নদাইপুরের ওই বন্ধুকে তাঁর বাড়িতে পৌঁছতে যায়। ওই যুবককে বাড়ি পৌঁছে দিয়ে ভবানীপুরের চার যুবক বাড়ির উদ্দেশে রওনা দেন। একটি বাইকে রজব আলি ও তাহিরুল হক ছিলেন। অন্য বাইকে অপর দুই যুবক ছিলেন। বাড়ির কিছুটা আগে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দু’টি দ্রুত গতিতে রাস্তার পাশের একটি পোলট্রি ফার্মের দেওয়ালে ধাক্কা মারে। চারজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রজব আলি ও তাহিরুল হককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী রাজু শেখ বলেন, দোকান থেকে বাড়ি ফিরছিলাম। দু’টি বাইক পিছন দিক থেকে এসে প্রচণ্ড গতিতে আমাকে ওভারটেক করে। ৫০ মিটার দূরেই রাস্তার বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দা মিলন শেখ বলেন, চারজনের কেউই হেলমেট পরে ছিলেন না। হেলমেট থাকলে হয়তো মৃত্যু এড়ানো যেত। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, পথ নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সারা বছর ধরে প্রশাসন ও পুলিসের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। তা সত্ত্বেও মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। বাইক চালানোর সময় অনেকেই হেলমেট পরছেন না। 
সম্পর্কিত সংবাদ