Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগড় প্রকৃতি উদ্যান খোলার জন্য সাফাই শুরু

লালগড় প্রকৃতি উদ্যান খোলার জন্য সাফাই শুরু
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: ‘বর্তমান’ পত্রিকার খবরের জেরে বিষ্ণুপুরের লালগড় প্রকৃতি উদ্যান খোলার প্রক্রিয়া শুরু হল। প্রায় আড়াই মাস আগে নানা অসামাজিক কাজের অভিযোগে এই উদ্যানের গেটে তালা পড়ে। কিন্তু পর্যটনের মরশুম শুরু হলেও তা খোলার উদ্যোগ নেওয়া হয়নি। বহু পর্যটক উদ্যানে এসেও ফিরে যাচ্ছিলেন। তাই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে অবিলম্বে উদ্যান খোলার দাবি উঠেছিল। সম্প্রতি এবিষয়ে বর্তমান পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তারপরেই প্রশাসন নড়েচড়ে বসে। এখন উদ্যান সাফাই শুরু হয়েছে। বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির বৈঠকে উদ্যানে সিসি ক্যামেরা ও বেড়া দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিষ্ণুপুরের বিডিও সোমশঙ্কর মণ্ডল বলেন, লালগড় প্রকৃতি উদ্যান সাফাই করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব, সিসি ক্যামেরা ও বেড়া দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তারপরেই উদ্যানটি সাধারণের জন্য খুলে দেওয়া হবে।
Advertisement
লালগড়ে পঞ্চায়েত সমিতির ওই উদ্যানে ওয়াচ টাওয়ার, ফুলের বাগান, পরিখা রয়েছে। ১০টাকার টিকিট কেটে সেখানে ঢুকতে হয়। সারাবছরই ওই উদ্যানে পর্যটকদের আনাগোনা থাকে। কিন্তু প্রায় আড়াই মাস আগে উদ্যানে কিছু যুবক-যুবতী অশালীন আচরণ করায় পুলিস কয়েকজনকে আটক করে। উদ্যানের একাংশে বেড়া নেই। অভিযোগ, কিছু অসাধু লোক সেখান থেকে ভিডিও করে উদ্যানে আসা যুবক-যুবতীদের ব্ল্যাকমেল করছিল। এসবের জেরে সাময়িকভাবে উদ্যানটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন ওঠে, কিছু অসাধু ব্যক্তির কারণে এত সুন্দর একটি উদ্যান কেন বন্ধ থাকবে? শীতের মরশুমে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে উদ্যানটি খুলে দেওয়ার দাবি ওঠে। এনিয়ে বর্তমান পত্রিকায় খবর প্রকাশের পর চলতি সপ্তাহে উদ্যান সাফাই আরম্ভ হয়েছে। তারপরে সিসি ক্যামেরা ও বেড়া বসানো হবে।
সম্পর্কিত সংবাদ