সমীর মাহাত, ঝাড়গ্রাম: লালগড় বাসস্ট্যান্ডের পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য প্রস্তুতি শুরু করল প্রশাসন। এর মধ্যে রয়েছে যাত্রী প্রতীক্ষালয় সংস্কার, পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়, বিভিন্ন প্রকার লাইট বসানো ও বাসস্ট্যান্ড চত্বর সংস্কার। সব মিলিয়ে ১৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কাজের টেন্ডার শীঘ্রই ওপেন হবে। এই নিয়ে বিনপুর ১ বিডিও অনল সরকার বলেন, লালগড় বাসস্ট্যান্ডটি সংস্কারের জন্য আমরা প্রোজেক্ট তৈরি করে ঝাড়গ্রাম জেলা প্রশাসনকে জানিয়েছিলাম। জেলা প্রশাসন অর্থ মঞ্জুর করেছে। আমরা যে টাকা এস্টিমেট পাঠিয়েছিলাম, তার পুরোটাই পেয়েছি। এরমধ্যে কয়েকটি টেন্ডার পাকা হয়ে গিয়েছে। মোট বরাদ্দ হয়েছে ১৬ লক্ষ টাকা। ইতিমধ্যে টেন্ডার করেছি ৮ লক্ষ ৪৮ হাজার ৯১৯ টাকা। খুব শীঘ্রই কাজ শুরু হবে।
Advertisement
লালগড় বাসস্ট্যান্ড থেকে মেদিনীপুর, গোয়ালতোড়, বাঁকুড়া, তারকেশ্বর, বর্ধমান, হাওড়া ও ঝাড়গ্রাম বিভিন্ন রুটের প্রায় ২০ জোড়া বাস রোজ যাতায়াত করে বলে জানা গিয়েছে। বাম আমলে বাসস্ট্যান্ডটি তৈরি হলেও এতকাল সংস্কারের অভাবে ধুঁকছিল। এর আগে লালগড় বাসস্ট্যান্ড চালু না থাকায় যাত্রীদের অসুবিধায় পড়তে হতো। বাসস্ট্যান্ড চালু না হওয়ায় এসআই চকে যানজটে পড়তে হতো বাস চালকদের। লালগড় কেন্দ্রীয় বাসস্ট্যান্ড চালুর জন্য বাস অ্যাসোসিয়েশন থেকে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। স্থানীয় বাসিন্দারাও এটি সংস্কারের দাবি করেছেন। বিভাগীয় ইঞ্জিনিয়ারকে দিয়ে সংস্কারের জন্য এস্টিমেট তৈরি করে জেলা প্রশাসনকে পাঠায় ব্লক প্রশাসন। জেলা প্রশাসন বাসস্ট্যান্ড সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করে। প্রতীক্ষালয়ের ছাদ, পানীয় জলের জন্য সাবমার্সিবল পাম্প, বিভিন্ন ধরনের লাইট ও হাইমাস্ট টাওয়ার, বাসস্ট্যান্ড চত্বরের জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতার কাছে প্রাথমিকভাবে ৮ লক্ষ ৪৮ হাজার ৯১৯ টাকা টেন্ডার হয়েছে বলে জানা গিয়েছে।
এই নিয়ে লালগড়-মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নরেশ পাত্র বলেন, বাসস্ট্যান্ডটি চালু করার জন্য ব্লক প্রশাসনকে জানানো হয়েছিল। এই নিয়ে বৈঠকও হয়েছে। বাসস্ট্যান্ডের সংস্কারের কাজ চালু হবে জেনে খুব ভালো লাগছে। পরিবহণ দপ্তরের সঙ্গে আলোচনা করে বাসস্ট্যান্ডে ব্যবসার জন্য কয়েকটি শেড নির্মিত হলে এখানে কয়েকশো বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। এতে লালগড়ের উন্নতিই হবে। বিষয়টি বাস্তবায়িত হলে আরও খুশি হব।