সংবাদদাতা, লালবাগ: পিকনিকের আমেজে বৃহস্পতিবার লালবাগের আমবাগানে শাসক দলের কর্মশালা হল। এদিন তৃণমূল পরিচালিত নতুনগ্রাম অঞ্চলের উদ্যোগে ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভার বুথভিত্তিক এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা জেলা নেত্রী শাওনি সিংহরায়, লালগোলার বিধায়ক মহম্মদ আলি, রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন সহ এক ঝাঁক বিধায়ক এবং স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। কর্মশালা শেষে প্রায় দেড় হাজার মানুষকে পাত পেড়ে খাওয়ানো হয়। মেনুতে ছিল ভাত, মাছ, খাসির মাংস, চাটনি ও মিষ্টি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বুথ ভিত্তিক সংগঠন আরও মজবুত করতেই এদিনের কর্মশালা ও পিকনিকের আয়োজন করা হয়েছিল বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
Advertisement
মুর্শিদাবাদ জেলার মোট ২২টি বিধানসভা আসনের মধ্যে মুর্শিদাবাদ ও বহরমপুর এই দু’টি ছাড়া বাকি ২০টি শাসক দলের দখলে। ওই দু’টি আসনে বিজেপির প্রার্থীরা জয়লাভ করে। মুর্শিদাবাদ আসনে আড়াই হাজারের কিছু বেশি ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন শাসক দলের শাওনি সিংহরায়। নবাবি তালুকের এই আসনটি দখল নিতে এখন থেকেই ঝাঁপিয়েছে শাসক দল। শাওনি সিংহরায় বলেন, অনেক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় বিধানসভা নির্বাচনের লক্ষ্য স্থির করে দিয়েছেন। গত বিধানসভা নির্বাচনে ২০টি আসনে জিতেছিলাম। আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে এই জেলা থেকে ২২টি আসন উপহার দেব।



