Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালবাগে হোটেলে বীরভূমের যুবতীকে ধর্ষণের অভিযোগ

লালবাগে হোটেলে বীরভূমের যুবতীকে ধর্ষণের অভিযোগ
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে। বীরভূমের একটি এলাকার যুবতীকে লালবাগের হোটেলে এনে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিস সূত্রে জানা গিয়েছে, পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে যুবতীকে অচৈতন করে হোটেলের ঘরে নির্যাতন করে হয়েছে। ধর্ষণের পর যুবতীর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেলও করা হচ্ছে বলে অভিযোগ। শুক্রবার মুর্শিদাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। অতিরিক্ত পুলিস সুপার(লালবাগ) রাসপ্রিত সিং বলেন, একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। আমরা মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। 
Advertisement
মাস খানেক আগে নবগ্রামের এক যুবকের সঙ্গে বীরভূমের ওই যুবতীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়। যুবকের কথায় কয়েকদিন আগে বীরভূম থেকে লালবাগে চলে আসে ওই যুবতী। তারপর একটি হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে দেওয়া হয়। সেটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই যুবতী অচৈতন হয়ে গেলে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পর মোবাইলে যুবতীর ছবি তুলে রাখে অভিযুক্ত যুবক। যুবতীকে ব্ল্যাকমেল করা শুরু করে সে এবং তার কয়েকজন বন্ধু। পুলিসের দ্বারস্থ হলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। 
ধর্ষণের পাশাপাশি আইটি অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিস। তবে এই ঘটনা একজন যুবক ছাড়া আরও বেশ কয়েকজন জড়িত আছে বলেই মনে করছে পুলিস আধিকারিকরা। অভিযুক্ত যুবকের বাড়ি নবগ্রাম এলাকায়। তার খোঁজে শনিবার পুলিস আধিকারিকরা নবগ্রামের বিভিন্ন এলাকায় তল্লাশি করে। অভিযুক্ত যুবকের সঙ্গে আর যারা যারা যুক্ত আছে তাদেরও সন্ধান চালাচ্ছে পুলিস। 
তবে এই প্রথম নয়। লালবাগের বিভিন্ন হোটেলে মহিলাদের এনে প্রায়ই এই ধরনের কাজকর্ম করা হয় বলে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। নাবালিকাদেরও দেহ ব্যবসায় নামানো হচ্ছে। এর আগেও জেলার শিশুসুরক্ষা কমিটি এবং পুলিস যৌথভাবে অভিযান চালিয়ে হোটেল থেকে নাবালিকা উদ্ধার করেছে। ঐতিহাসিক পর্যটন স্থানের গুরুত্ব ভুলে গিয়ে কিছু অসাধু হোটেল ব্যবসায়ী এই ধরনের কাজ করছে বলে অভিযোগ। 
সম্পর্কিত সংবাদ