Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাল সিগন্যাল ভেঙে কন্টেনার ধাক্কা মারল সিভিককে, মৃত্যু

লাল সিগন্যাল ভেঙে কন্টেনার ধাক্কা মারল সিভিককে, মৃত্যু
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: শুক্রবার সকালে আলিপুরদুয়ারের সলসলাবাড়িতে ৩১সি জাতীয় সড়কে পণ্য বোঝাই একটি কন্টেনার কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে পিষে দেয়। ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বালানো থাকার পরেও চালক গাড়ি থামায়নি। এক মহিলাকে বাঁচাতে গিয়ে কন্টেনারটি কর্তব্যরত সিভিককে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। গুরুতর জখম সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ গোস্বামীকে (৩৫) সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শামুকতলা থানায়। 
Advertisement
সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই শামুকতলা ও আলিপুরদুয়ার থানা থেকে বিশাল পুলিস বাহিনী চলে আসে। দুর্ঘটনার জেরে জেলার লাইফ লাইন ওই জাতীয় সড়কে বেশকিছু সময় যানজট থাকে। স্থানীয়দের অভিযোগ, সংস্কার না হওয়ায় গর্তেভরা জাতীয় সড়ক বর্তমানে বিভীষিকা হয়ে উঠেছে। পুলিস কন্টেনারের চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে। 
শামুকতলা থানার ওসি জগদীশচন্দ্র রায় বলেন, মৃত সিভিক ভলান্টিয়ার শামুকতলা থানায় কর্তব্যরত ছিলেন। মেরামতের অভাবে ওই জাতীয় সড়ক খানাখন্দে ভরে গিয়েছে। যার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বার বার বলার পরেও রাস্তা মেরামত হচ্ছে না। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, কন্টেনারের চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। 
বেহাল ওই জাতীয় সড়কের গর্তে পড়ে সম্প্রতি তীর্থযাত্রী বোঝাই দু’টি বাসের মোট ৪০ জন জখম হয়েছিলেন। জখম তীর্থযাত্রীরা ছিলেন গুজরাটের আমেদাবাদের বাসিন্দা। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার আরও একটি দুর্ঘটনার জেরে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই রুটের নিত্যযাত্রী স্কুল শিক্ষক ভাস্কর মজুমদার বলেন, বর্তমানে ৩১সি জাতীয় সড়ক এতটাই বেহাল যে অন্য রুট ধরে স্কুলে যেতে হচ্ছে। 
পুলিস জানিয়েছে, ট্রাফিক সিগন্যালে লালবাতি থাকা সত্ত্বেও কেন কন্টেনারটি থামেনি ধৃত চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চলছে। এদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের ১০ নম্বর ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জীতেন্দ্র প্যাটেল বলেন, ওই রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। শুক্রবার যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে রাস্তা ভালো আছে।
সম্পর্কিত সংবাদ