Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাল পতাকা মাথাচারা দিচ্ছে, সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

লাল পতাকা মাথাচারা দিচ্ছে, সিঁদুরে মেঘ দেখছে বিজেপি
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জঙ্গলমহলে সিপিএম ফের হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। তালডাংরা উপনির্বাচনকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াতে মরিয়া লালপার্টি। ভোট ময়দানেও লাল ঝান্ডার উঁকি দেখা যাচ্ছে। এতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। কারণ গত কয়েকটি নির্বাচনে বামের ভোটে পুষ্ট হতে দেখা গিয়েছে বিজেপিকে। বামেরা হারানো ভোটব্যাঙ্ক ফিরে পেলে গেরুয়া শিবিরের বড় ক্ষতি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। 
Advertisement
উপনির্বাচনের সিপিএম প্রার্থী দেবকান্তি মোহান্তি বলেন, বিজেপি ও তৃণমূলের ‘তানাশাহি’ রাজের বিরুদ্ধে মানুষ এবারের ভোটে রায় দেবে। দেশ ও রাজ্যে দু’দল একই কায়দায় শাসন চালাচ্ছে। ওরা একে অপরের পরিপূরক। মানুষ তা বুঝে গিয়েছে। এবার ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। 
বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী বলেন, সিপিএম এরাজ্যে তৃণমূলের ‘বি-টিম’ হিসেবে কাজ করছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিজেপি-ই প্রকৃত লড়াই করছে। আমাদের দলের বহু নেতাকর্মী প্রাণ দিয়ে তা প্রমাণ করেছেন। আর জি কর, দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে এবার তৃণমূল বিরোধী সিংহভাগ ভোট পদ্মফুল প্রতীকে পড়বে। তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন, সিপিএমকে মানুষ বহু আগেই দূরে সরিয়ে দিয়েছে। বিজেপিকেও কেউ পছন্দ করছে না। আমরা নিজেদের ক্ষমতাতেই ভোটে জিতব।
উল্লেখ্য, রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেও ২০১১ সালের বিধানসভা ভোটে তালাডাংরায় জয়ী হয়েছিল বামেরা। ’১৬ সালের পর থেকেই তাদের রক্তক্ষরণ শুরু হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ৯২০২৬, বিজেপি প্রার্থী শ্যামল সরকার ৭৯৬৪৯ এবং সিপিএম প্রার্থী মনোরঞ্জন পাত্র ২৩১৮৯টি ভোট পান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফের অরূপবাবুকে তৃণমূল প্রার্থী করে। এবার ওই বিধানসভা এলাকায় তৃণমূল ৯০৭৯০, বিজেপি ৮২৩০৭ এবং সিপিএম ১৬৫২৫টি ভোট পায়। শেষ দু’টি নির্বাচনে এই বিধানসভায় সিপিএমের সাংগঠনিক ‘রক্তক্ষরণ’ অব্যাহত ছিল। তার সুফল পেয়েছিল বিজেপি। এবার তার অন্যথা হলে গেরুয়া শিবিরের ‘বাড়া ভাতে ছাই’ পড়তে পারে।
এদিন তালডাংরা বিধানসভা এলাকায় তৃণমূল চুটিয়ে প্রচার করে। বিকেলে তালডাংরা ব্লকের খালগ্রাম অঞ্চলের বেলডাংরা গ্রামে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী ভোটারদের মধ্যে জনসংযোগ সারেন। পরে জেলা সভাপতি হারমাসরা অঞ্চলের বুথ সভাপতিদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন। তৃণমূল প্রার্থী দিনভর সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন। দোগির‌্যা গ্রামে এদিন সকালে সভা হয়। পরে প্রার্থী ওই অঞ্চলের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি প্রচার করেন। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ফাল্গুনীবাবু ধানিশুকনি, কাটাশোলা, নিমাইপুর গ্রামে যান। সব জায়গাতেই শাসক দলের প্রার্থীকে দেখতে বাসিন্দারা ভিড় জমান। বিজেপি প্রার্থী সিমলাপাল ব্লকেরই লক্ষ্মীসাগর অঞ্চলে প্রচার করেন। তিনি পিকআপ ভ্যানে চেপে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক জায়গায় রোড শো করেন। সিপিএম প্রার্থী নিজের অঞ্চল লক্ষ্মীসাগরে প্রচার করেন। তিনি ওই অঞ্চলের বনকাটি, দলদরিয়া সহ অন্যান্য এলাকায় যান। লাল পতাকা নিয়ে সিপিএম কর্মীরা প্রার্থীর সঙ্গে ছিলেন।
সম্পর্কিত সংবাদ