বেঙ্গালুরু: ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম উজ্জ্বল মুখ তিনি। অল্প বয়সেই আন্তর্জাতিক আঙিনায় নিজেকে মেলে ধরেছেন লক্ষ্য সেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি টমাস কাপ, কমনওয়েলথ গেমসে সোনা রয়েছে তাঁর ঝুলিতে। ২০২২ এশিয়ান গেমসে জিতেছেন রুপো। সেই লক্ষ্যের বিরুদ্ধে উঠল বয়স ভাঁড়ানোর মারাত্মক অভিযোগ। ২০২২ সালের ডিসেম্বর মাসে নাগরাজ এমজি নামে এক ব্যক্তি এই মামলা করেছিলেন। লক্ষ্যর পাশাপাশি তাঁর বাবা, মা, দাদা চিরাগ ও কোচ বিমল কুমারের নামও টানা হয়েছে। অভিযোগ ছিল, জুনিয়র স্তরে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যই আড়াই বছর বয়স কমিয়েছিলেন লক্ষ্য। এই নিয়ে মামলা গড়ায় কর্ণাটক আদালতে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সেখানে হলফনামা জমা দিয়েছেন ভারতীয় তারকা শাটলার। লক্ষ্যর দাবি, তাঁর পরিবারকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই এমনটা করেছেন নাগরাজ। শুধু তাই নয়, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই মামলা করেছেন নাগরাজ। প্রথমে যদিও লক্ষ্যর এই হলফনামা খারিজ হয়। তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্ণাটক আদালত। তবে এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভারতীয় শাটলার। মঙ্গলবার সেখানে আপাতত স্বস্তি পেলেন। বিচারক সুধাংশু ধুলিয়া ও কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আপাতত লক্ষ্যর বিরুদ্ধে কোনওরকম তদন্ত করা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ এপ্রিল।



