Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লক্ষ্মীর ভাণ্ডার ভালো, মহিলা সমবায় ব্যাঙ্কের ভোট প্রচারে বলছে সিপিএম

লক্ষ্মীর ভাণ্ডার ভালো, মহিলা সমবায় ব্যাঙ্কের ভোট প্রচারে বলছে সিপিএম
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সামনেই দুর্গাপুরে মহিলা সমবায় ব্যাঙ্কের নির্বাচন। বোর্ড ধরে রাখতে মরিয়া বামেরা। তৃণমূল বিরোধীদের একছাতার তলায় আনতে গড়েছে সমবায় বাঁচাও মঞ্চ। এবার মহিলা ভোটারদের না চটিয়ে ভোট পেতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা শোনা গেল সিপিএম নেতাদের মুখে। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মহিলা সমবায় ব্যাঙ্ক নিয়ে বামেদের স্বজনপোষণকে ইস্যু করেছে তৃণমূল। তাদের অভিযোগ, বাম নেতাদের সুপারিশে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ঋণ শোধ করেননি কমরেডদের বাড়ির মহিলারা। দুর্গাপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই ভালো উদ্যোগ। স্বাস্থ্যসাথীও ভালো উদ্যোগ। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা কি যথেষ্ট? তৃণমূল স্বজন পোষণের অভিযোগ করছে। মনে রাখবেন যাঁরা তৃণমূলের হয়ে এই নির্বাচনে লড়বেন তাঁরাও এই ব্যাঙ্ক থেকে সুবিধা পেয়েছেন। আর অনাদায়ী ঋণ তো আদানি, আম্বানিদেরও আছে। 
Advertisement
দুর্গাপুরের তৃণমূল মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, এই ব্যাঙ্কের বেশিরভাগ ভোটারই এক সময়ে বাম মনোভাবাপন্ন ছিল। এই নির্বাচনই প্রমাণ করে দেবে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো মহিলাদের নামে মুখ্যমন্ত্রীর প্রকল্প কমরেডদের ঘরেও ফাটল ধরিয়েছে। তাই সিপিএম নেতাদের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই নির্বাচনে ৬৬৩৭ জন মহিলা ভোটার ৩৩জন ডেলিগেটকে নির্বাচিত করবেন ভোট দিয়ে। তাঁরাই আবার ১৩ জন ব্যাঙ্কের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর  মনোনীত করবেন। যাঁরা এই ব্যাঙ্ক আগামী পাঁচ বছরের জন্য পরিচালনা করবেন।
সম্পর্কিত সংবাদ