Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লক্ষাধিক টাকা লোন পাওয়ার আশায় হাতের ছাপ, অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব মহিলাদের

লক্ষাধিক টাকা লোন পাওয়ার আশায় হাতের ছাপ, অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব মহিলাদের
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লক এবং শহরের রেল কলোনি, নলডুবি এলাকার মহিলাদের লক্ষাধিক টাকা লোন দেওয়ার টোপ দিয়ে আঙুলের ছাপ নিয়েছে কিছু অচেনা ব্যক্তি। শুধু তাই নয়, নতুন বছরের প্রথম সপ্তাহে হাতের ছাপ দেওয়া কিছু মহিলার অ্যাকাউন্ট থেকে লক্ষ্মীরভাণ্ডার সহ বয়স্ক ভাতা প্রকল্পের টাকা উধাও হয়ে গিয়েছে বলেও তাঁরা অভিযোগ করেছেন। এনিয়েই দুঃস্থ মহিলারা হতাশ। প্রতারিত হয়ে তাঁরা ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন। স্থানীয় ব্যাঙ্কে গিয়েও সুরাহা হয়নি। এনিয়ে তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। আগামী দিনে ভুক্তভোগী গ্রামবাসীরা একত্রিত হয়ে জেলার সাইবার ক্রাইম থানায় যাবেন বলে জানিয়েছেন। 
Advertisement
মালদহ রেল কলোনির বাসিন্দা ইতি ও কেশা রবিদাস বলেন, দেড় মাস আগে নলডুবিতে কয়েক জন যুবক এসে বলে এক লক্ষ টাকা লোন দেওয়া হবে। আমরা সরল মনে বিশ্বাস করি। হাতের আঙুলের ছাপ দিতে বললে তা দিয়ে দিই। সম্প্রতি ব্যাঙ্কে অ্যাকাউন্ট চেক করি। দেখি লক্ষ্মীরভাণ্ডার সহ বাকি টাকা উধাও হয়ে গিয়েছে। আমরা গরিব মানুষ, এর সুরাহা চাই। 
পাশের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতেও একই ঘটনা ঘটেছে। সেখানকার নলডুবির বৃদ্ধা বাসনা দাস বলেন, এক থেকে পাঁচ লক্ষ টাকা লোন দেবে বলে কিছু অচেনা যুবক আসে। বলে স্বামীর সই লাগবে না। আমরা তাদের কথা মতো আধার কার্ডের জেরক্স, ছবি দিই। সাত দিন পরে যোগাযোগ করতে বলে। কিন্তু ফোন অফ পাই। আমি মাসে ১০০০ টাকা করে ভাতা  পাই। সেটা টাকা কেটে নেওয়া হয়েছে। ৫০০ জমা ছিল সেটাও নেই। ব্যাঙ্কে যোগাযোগ করি, তারা বলে তোমরা কেন অচেনা লোককে হাতের আঙুলের ছাপ দিয়েছ? এই রকম ঘটনা গ্রামের আরও অনেক মহিলার সঙ্গে হয়েছে। 
পুরাতন মালদহের মঙ্গলবাড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি জানিয়েছে, এমন ঘটনা আমাদের নজরে এসেছে। অচেনা লোক দেখে মানুষের সতর্ক হওয়া উচিত। তাঁরা সাইবার ক্রাইমের অভিযোগ করুক। পুলিস তদন্ত করে দেখুক। মালদহের সাইবার ক্রাইম থানা জানিয়েছে, এমন ঘটনা নিয়ে অভিযোগ আগেও হয়েছে। ১৫ দিন আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ব্যাঙ্ক বিষয়টি নিয়ে অবগত আছে। যাঁরা প্রতারিত হয়েছেন, ফের অভিযোগ করলে ওই কেসের সঙ্গে যৌথভাবে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ