নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৫ নভেম্বর থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। ঘটনাচক্রে ওই দিন লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ের বিয়ে। শুভক্ষণে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য ওম বিড়লা আমন্ত্রণপত্র পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। শুধু আমন্ত্রণ পাঠানো নয়, ওম বিড়লার তরফে এক ব্যক্তি ফোনেও জানিয়েছেন বিমানবাবুকে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিমানবাবু হবু দম্পতিকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু দিল্লিতে বিয়ের অনুষ্ঠানে তিনি যেতে পারছেন না। ২৫ নভেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আর ২৬ ও ২৭ নভেম্বর সংবিধানের উপর গুরুত্ব আলোচনা রয়েছে বিধানসভায়। ফলে এখন দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না।



