নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: লিখিত প্রতিশ্রুতিপত্র পেয়ে শেষপর্যন্ত অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন। সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার থেকে কর্ণজোড়ায় রায়গঞ্জের ডিএফও অফিসে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেন। সরকারি নিয়ম মেনে ছুটি, ডিউটির সময়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন, পারিশ্রমিক বৃদ্ধি সহ স্থায়ী ও অস্থায়ী কর্মীদের ১৫ দফা দাবি নিয়ে সংগঠনটি সরব হয়। এর মধ্যে ১৩ টি দাবিতে মৌখিকভাবে আশ্বাসও দেন আধিকারিকরা। কিন্তু আন্দোলনকারী বনকর্মীদের দাবি ছিল, লিখিতভাবে প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অবস্থান উঠবে না। তারপর লাগাতার দু’রাত ধরে বিক্ষোভ অবস্থান চলতে থাকে। শেষপর্যন্ত শনিবার আন্দোলন প্রত্যাহার হয়।
Advertisement
ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের রায়গঞ্জ মালদহ ডিভিশন কমিটির চেয়ারম্যান সুনীলকুমার ঘোষ বলেন, রায়গঞ্জ ডিভিশনের ৮ টি রেঞ্জের কর্মীরা সক্রিয়ভাবে আমাদের এই আন্দোলনের সমর্থনে ছিলেন। কর্মবিরতি করা হয়। পাশাপাশি অবস্থান বিক্ষোভ চলছিল। এরপরই রায়গঞ্জের ডিএফও দপ্তর আমাদের ১৩ টি দাবি পূরণের বিষয়টি বিবেচনা করবে বলে লিখিতভাবে আশ্বাস দিয়েছে। তারপরই শনিবার সাংগঠনিকভাবে আমরা ৪৮ ঘণ্টা ধরে চলা আন্দোলন প্রত্যাহার করলাম। আমাদের আশা, দ্রুত আমাদের দাবিদাওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, শুক্রবারই আন্দোলনকারীদের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। তাঁরা আন্দোলন তুলে নেবে বলে জানিয়েছেন। তাঁদের দাবিদাওয়া বিবেচনাধীন।
রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, শুক্রবারই আন্দোলনকারীদের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। তাঁরা আন্দোলন তুলে নেবে বলে জানিয়েছেন। তাঁদের দাবিদাওয়া বিবেচনাধীন।



