Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লিখতে পারলে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকে রুল টানা খাতা, সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

লিখতে পারলে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকে রুল টানা খাতা, সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: যে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা লিখতে পারে, তাদের জন্য মাধ্যমিক পরীক্ষায় এবার রুল টানা খাতা দেবে মধ্যশিক্ষা পর্ষদ। যারা রাইটারের সাহায্য নেয়, তাদের জন্য অবশ্য সাদা খাতাই থাকবে। ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তার আগে পর্ষদ পরীক্ষা-সংক্রান্ত নানা প্রস্তুতি শুরু করেছে। সম্প্রতি হুগলি জেলায় স্বাস্থ্য, পরিবহণ, পুলিসের সঙ্গে পর্ষদের প্রস্তুতি বৈঠক হয়েছে। মহকুমাস্তরেও এমন বৈঠক হবে। আরামবাগ মহকুমাতেও পরীক্ষার নানা তোড়জোড় চলছে।
Advertisement
এবার আরামবাগ মহকুমায় ৩৩টি কেন্দ্রে পড়ুয়ারা পরীক্ষা মাধ্যমিক দেবে। এর মধ্যে ১২টি মেন ভেন্যু রয়েছে। ২১টি সাব-ভেন্যু রয়েছে। এবার নবম থেকে দশম শ্রেণিতে ১৫২৮৭জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। তবে ঠিক কতজন পরীক্ষার্থী মাধ্যমিকে বসবে, তা এখনও নির্দিষ্ট করে বলা যায়নি।
হুগলি জেলাপরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, পর্ষদের নির্দেশমতো মাধ্যমিক পরীক্ষার সমস্ত বন্দোবস্ত করা হচ্ছে। খানাকুলে বন্যা পরিস্থিতির জেরে সেখানকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে জল, বিদ্যুৎ সহ নানা পরিকাঠামো আমরা সরেজমিনে দেখব। কোথাও কোনও সমস্যা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার রুটে পর্যাপ্ত বাসের ব্যবস্থাও থাকবে।
পর্ষদের হুগলি জেলার পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক দেবাশিস বসু বলেন, বহু বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী লিখতে পারে। কিন্তু পরীক্ষার খাতায় তাদের লাইন আঁকাবাঁকা হয়ে যায়। এসমস্যা মেটাতে ওই পড়ুয়াদের রুল টানা খাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তবে তারজন্য পরীক্ষার্থীদের স্কুলের মাধ্যমে আগাম আবেদন করতে হবে। সব কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত দপ্তরকে সাহায্য করতে বলা হয়েছে।
গোঘাটের বালি হাইস্কুলের প্রধান শিক্ষক সৌরভকান্তি দে বলেন, পর্ষদের নির্দেশমতো মাধ্যমিক পরীক্ষার আয়োজন হবে। আমাদের বিভিন্ন সাব ভেন্যুকে নিয়ে সময়মতো পরবর্তী বৈঠক হবে। দেবাশিসবাবু জানান, পরীক্ষাকেন্দ্রের তিনটি পয়েন্টে তিনটি সিসি ক্যামেরা লাগাতে হবে। পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা থাকবে। পরীক্ষাকেন্দ্রের ভিতর পরীক্ষার্থীরা কোনওরকম বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে ঢুকতে পারবে না। ১০টা ৪৫মিনিট থেকে দুপুর ২টা অবধি পরীক্ষা হবে। যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল দশায় আছে, মাধ্যমিকের আগে সেগুলি মেরামতের নির্দেশ দিয়েছে প্রশাসন। নদীপথে যাতায়াত এড়াতে খানাকুলের ছয়টি স্কুলের পরীক্ষার্থীদের এবারও হাওড়ায় সিট দেওয়ার ব্যবস্থা করা হবে।
সম্পর্কিত সংবাদ