লন্ডন: গতবার প্রিমিয়ার লিগ জয়ের পথে মাত্র চারটি ম্যাচ হেরেছিল লিভারপুল। কোচ আর্নে স্লটের প্রশিক্ষণে দুরন্ত ছন্দে ছিল অ্যানফিল্ডের ক্লাবটি। চলতি মরশুমেও শুরুটা ভালোই করে তারা। কিন্তু লিগের প্রথম পাঁচ ম্যাচে জয় পাওয়ার পর হঠাৎই ঘটে ছন্দপতন। পরের চারটি ম্যাচে টানা হেরে প্রবল চাপে লিভারপুল। শনিবার অ্যাওয়ে ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে বশ মানলেন মো সালাহরা। সেই সঙ্গে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেল ‘দ্য রেডস’। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। ম্যাচে ব্রেন্টফোর্ডের হয়ে জাল কাঁপান যথাক্রমে ড্যাঙ্গো কুয়াতারা, কেভিন শাডে ও ইগর থিয়াগো। লিভারপুলের দুই গোলদাতা মিলোস কেরকেজ ও মো সালাহ। পাশাপাশি রবিবার মুখ থুবড়ে পড়ল ম্যাঞ্চেস্টার সিটিও। অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ০-১ ব্যবধানে হারল পেপ গুয়ার্দিওলার দল। ১৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি ম্যাট ক্যাসের। এই হারের জেরে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে সিটিজেনরা।



