মিলান: কোচ আর্নে স্লট বনাম মো সালাহ দ্বন্দ্বে ক্রমশ অস্বস্তি বাড়ছে লিভারপুলের অন্দরে। এর প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। তবে যাবতীয় গুমোট পরিস্থিতিকে পিছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্তার মিলানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল ‘দ্য রেডস’ ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জিতল স্লট-ব্রিগেড। ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি থেকে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন ডোমিনিক সোবোসোলাই। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এল লিভারপুল।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল বার্সেলোনা। ঘরের মাঠে এনট্র্যাখট ফ্র্যাঙ্কফুর্টকে ২-১ গোলে হারাল কাতালন ক্লাবটি। জোড়া গোলে ম্যাচের নায়ক জুল কৌন্দে। রক্ষণের ব্যর্থতার আরও একবার ম্যাচের শুরুতেই গোল হজম করে হান্স ফ্লিক ব্রিগেড। জার্মান ক্লাবটিকে এগিয়ে দেন আন্সগার ক্নাউফ। একইসঙ্গে ম্যাচে দলের অ্যাটাকারদের ফর্ম চিন্তায় রাখছে বার্সা কোচকে। একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ লিওয়ানডস্কি-রাফিনহারা। বরং ম্যাচের ৮৯ মিনিটে পরিবর্তের সিদ্ধান্তে কোচের উপর ক্ষোভ দেখান লামিনে ইয়ামাল। ডাগ-আউটে বসে ফুঁসছিলেন ১৮ বছরের ফুটবলার। এমনকী, কোচের দিকে তাকিয়ে কিছু বলতেও দেখা যায় তাঁকে। উল্লেখ্য, এদিন হলুদ কার্ড দেখায় চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল।
দিনের অপর ম্যাচে আটালান্টার কাছে ১-২ গোলে বশ মানল চেলসি। অ্যাওয়ে ম্যাচে হোয়াও পেড্রোর গোলে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ এনজো মারেস্কার ছেলেরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আটালান্টার হয়ে জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করেন গিনায়লুকা স্কেমাকা ও চার্লস ডে কেটেলারে। স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির হয়ে জাল কাঁপান সের্গে নাব্রি, লেনার্ট কার্ল ও জোনাথান তা।