নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘লিভ-ইন পার্টনার’কে খুনের দায়ে দোষী সাব্যস্ত প্রেমিককে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত। সাজাপ্রাপকের নাম অরূপ সিংহ। মৃতার নাম প্রমীলা সর্দার। ২০১৭ সালের এপ্রিল মাসে ঘটনাটি ঘটেছিল দক্ষিণ বিধাননগর থানার ছয়নাভি এলাকায়। এদিকে, এই মামলায় জামিনে থাকা অরূপের মা সরলা সিংহকে এদিন বেকসুর খালাস করেছে আদালত। মামলার সরকারি আইনজীবী সন্দীপ ভট্টাচার্য বলেন, প্রমীলা সর্দারকে খুন করেছিল অরূপ। মহিলা ছিলেন বিবাহবিচ্ছিন্না। অরূপের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁরা একইসঙ্গেই থাকতেন। ঘটনার দিন প্রতিবেশীরা ওই বাড়িতেই গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় প্রমীলাকে পড়ে থাকতে দেখেন। তাঁরাই পুলিসকে খবর দেন। বিচারপর্ব চলাকালীন অভিযুক্ত অরূপ জেলেই ছিল। তার মাকে পুলিস গ্রেপ্তার করলেও পরে তিনি জামিন পেয়ে যান। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অজুহাতে প্রমীলার উপর অত্যাচার করত অরূপ। তাঁর ছেলের সামনেই শ্বাসরোধ করে প্রমীলা সর্দারকে খুন করা হয়েছিল।



