নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বয়স মাত্র ছ’বছর। এরই মধ্যে দেশ-বিদেশের নানা তথ্য গড়গড় করে বলে দিচ্ছে ছাতনার প্রিয়ম। সম্প্রতি একটি টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শোয়ে প্রিয়ম চক্রবর্তী অংশ নিয়েছিল। সেখানে ওই খুদের বুদ্ধিমত্তা রীতিমতো প্রশংসা কুড়িয়েছে। এখন সেই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর আগে মাত্র তিন বছর বয়সে দেশের সব রাজ্যের রাজধানী অনর্গল বলে প্রিয়ম সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেবার তার ভিডিও-র দর্শক সংখ্যা দু’কোটি ছাড়িয়ে গিয়েছিল। প্রিয়মের সাফল্যে ছাতনা তথা বাঁকুড়াবাসী মুগ্ধ। নেটিজেনরা ওই খুদেকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।
প্রিয়মের বাড়ি ছাতনা বাইপাসে। সে স্থানীয় একটি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। প্রিয়মের বাবা প্রতীক চক্রবর্তী পেশায় ব্যবসায়ী। মা সুপর্ণা গৃহবধূ। প্রতীকবাবু বলেন, ছেলের বয়স তখন সবে আড়াই। তখনও সেভাবে পড়াশুনা শুরু করেনি। বাড়ির উঠোনে থাকা গাড়ির নম্বর প্লেট প্রিয়ম চোখের নিমেষে পড়ে ফেলে। একবার কোনো কিছু শুনলে দীর্ঘদিন তা মনে রাখতে পারে ও। ওইসময় থেকেই আমার স্ত্রী নানা বিষয় ছেলেকে শেখাতে শুরু করে। এক মিনিটের কিছু বেশি সময়ে দেশের সব রাজ্যের রাজধানী শহরের নাম একটানা বলায় ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস্’ থেকে ছেলেকে স্বীকৃতি দিয়েছিল।
সুপর্ণাদেবী বলেন, এখন প্রিয়ম বিশ্বের নানা দেশের রাজধানী, মূদ্রার নামও বলতে পারে। জাতীয় পতাকার ছবি দেখে প্রিয়ম দেশের নাম বলে দিতে পারে। আমাদের রাজ্যের কবি, সাহিত্যিকদের নামও তাঁদের রচনা প্রিয়মের ঠোঁটস্থ। দেশবরেণ্য মণীষীদের নামও মুখস্থ রয়েছে ছেলের।
ছোট্ট প্রিয়ম লাজুক সুরে বলছে, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আমার আদর্শ। আমি বড়ো হয়ে তাঁর মতো বিজ্ঞানী হতে চাই।