Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেপাহান ম্যাচের প্রস্তুতি শুরু লিস্টনদের

দু’দিন বিশ্রামের পর শনিবার সেপাহান এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করল মোহন বাগান। কিন্তু কোথায় দিমিত্রি পেত্রাতোস? যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে অনুপস্থিত অজি ফুটবলার।

সেপাহান ম্যাচের প্রস্তুতি শুরু লিস্টনদের
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’দিন বিশ্রামের পর শনিবার সেপাহান এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করল মোহন বাগান। কিন্তু কোথায় দিমিত্রি পেত্রাতোস? যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে অনুপস্থিত অজি ফুটবলার। আহাল এফকে ম্যাচের পর সামাজিক মাধ্যমে দিমির পোস্ট ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। তাহলে কী আশঙ্কাই সত্যি হল? সবুজ-মেরুন ম্যানেজমেন্ট অবশ্য গুজবে কান দিতে আগ্রহী নয়। সূত্রের খবর, একদিন বেশি ছুটি নিয়েই দুবাই গিয়েছেন দিমিত্রি। রবিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা তাঁর। এছাড়াও ছিলেন না আশিস রাই। শনিবার হোসে মোলিনার তত্ত্বাবধানে প্রায় দেড় ঘণ্টা গা ঘামালেন লিস্টন-শুভাশিসরা। শেষ পর্বে চোট পেয়ে মাঠ ছাড়তে দেখা যায় আলবার্তোকে। যদিও ম্যানেজমেন্ট সূত্রে খবর, চোট গুরুতর নয়।

Advertisement

৩০ সেপ্টেম্বর এসিএল টু’র অ্যাওয়ে ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ ইরানের সেপাহান। তার আগে জোড়া হারে বেশ অস্বস্তিতে সবুজ-মেরুন কোচ মোলিনা। বিশেষ করে গত মঙ্গলবার ঘরের মাঠে তুর্কমেনিস্তানের আহালের কাছে হারের পর তাঁকে ‘গো ব্যাক’ শুনতে হয়েছে। বিদেশিহীন দলের বিরুদ্ধে তাঁর স্ট্র্যাটেজি প্রশ্নচিহ্নের মুখে। গত মরশুমে মোহন বাগানকে জোড়া ট্রফি উপহার দিয়েছেন স্প্যানিশ কোচ। স্বভাবতই তাঁর উপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। কোচের যাবতীয় চাহিদা মিটিয়েছেন কর্তারা। তবু শুরুতেই জোর ধাক্কা। সৌজন্যে তাঁর রণকৌশল। এএফসি’র টুর্নামেন্টে বিদেশি ফুটবলারের সংখ্যা নিয়ে বিধিনিষেধ নেই। তবু আহালের বিরুদ্ধে ছয় বিদেশিকে শুরু থেকে ব্যবহার করেননি তিনি। শুধু তাই নয়, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে ব্যর্থ মোহন বাগান। ম্যাকলারেন, কামিংস, দিমিত্রি, রবসন— সোনায় বাঁধানো আপফ্রন্ট নিয়েও কেন রক্ষণাত্মক ফুটবল খেলালেন মোলিনা? তেমনই বোঝা দুষ্কর, আনফিট রবসনকে খেলিয়ে ৯০ মিনিট দিমিত্রিকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত! অতীতে দলকে আইএসএল চ্যাম্পিয়ন করার পরেও অসুস্থতার অজুহাতে গোল্ডেন হ্যান্ডশেক করা হয়েছিল আন্তোনিও হাবাসের সঙ্গে। ব্যর্থতার জন্য ছাঁটাই হয়েছিলেন সফল কোচ হুয়ান ফেরান্দো। তাই মোলিনার উপর যে চাপ বাড়ছে তাতে সন্দেহ নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ