Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একমাসে ১ কোটি ১৭ লক্ষের মদ উদ্ধার

একমাসে ১ কোটি ১৭ লক্ষের মদ উদ্ধার
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: দোল ও হোলির আগে আলিপুরদুয়ার জেলা আবগারি দপ্তর গত এক মাসে জেলাজুড়ে অভিযান চালিয়ে ১ কোটি ১৭ লক্ষ ৩০ হাজার ৯৫০ টাকার বেআইনি ভুটানি মদ উদ্ধার করেছে। এক মাসের এই অভিযানে দপ্তর বেআইনি মদ কারবারের সঙ্গে যুক্ত আট দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১৪টি সাইকেল ও  চারটি ছোট গাড়ি। এক মাসের এই অভিযানে আবগারি দপ্তরের কর্মীরা ৫০১১ লিটার বেআইনি ভুটানি মদ বাজেয়াপ্ত করেছে। বিপুল পরিমাণ এই মদের বেশিরভাগই উদ্ধার হয়েছে জেলার ভারত-ভুটান সীমান্ত এলাকায়। 

Advertisement

হোলি ও দোল উপলক্ষ্যে ভুটান সীমান্তের খোলামেলা ভৌগলিক অবস্থানের সুযোগ নিয়েই দুষ্কৃতীরা এই বিপুল পরিমাণ মদ মজুত করেছিল সীমান্তের এপারে। তারপর অবৈধ এই বিদেশি মদ জেলার চা বাগান, বনবস্তি ও শহর এলাকায় গোপনে পাচার করছে দুষ্কৃতীরা।
আবগারি দপ্তর সূত্রে খবর, এক মাসের অভিযানে এই বিপুল পরিমাণ অবৈধ মদের সিংহভাগই বাজেয়াপ্ত করা হয়েছে ভুটান সীমান্তে। ভুটান সীমান্তের বীরপাড়ার সিংহানিয়া চা বাগানের কাছে ডক্টর কুঠি, নাংডালা চা বাগান, টোটোপাড়া, ধুমচিপাড়া, তুলসীপাড়া চা বাগান, দলগাঁও বস্তি ও দলমোড় এলাকায় এই বিদেশি মদ উদ্ধার হয়েছে। একই ভাবে ভুটান সীমান্তের কুমারগ্রামের কালীখোলা ও কুমারগ্রাম ফরেস্ট বস্তি থেকেও এই অবৈধ মদ উদ্ধার হয়। এছাড়া, আলিপুরদুয়ার থানার কুমারপাড়া ও ফালাকাটা থানার সরুগাঁও বস্তি থেকেও বেশকিছু অবৈধ ভুটানি মদ উদ্ধার হয়। 
আজ, শুক্রবার দোল উৎসব। শনিবার রং খেলা। সবাই ছুটির মেজাজে থাকলেও দোল ও হোলিতেও আবগারি দপ্তরের বেআইনি মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আবগারি দপ্তরের আলিপুরদুয়ার জেলার সুপারিনন্টেডেন্ট উগেন সেওয়া বলেন, শুধু দোল ও হোলি উপলক্ষ্যে নয়,  আমাদের অভিযান সারা বছর অব্যাহত থাকে এবং থাকবে। 
প্রতি বছর দোল ও হোলি উৎসবের আগে চা বাগান সহ ভুটান সীমান্ত এলাকায় মদের চাহিদা ব্যাপক বেড়ে যায়। আর এই সুযোগটাকেই কাজে লাগায় বেআইনি মদের কারবারিরা। সেজন্য তারা আগেভাগেই ভুটান থেকে বেআইনি মদ নিয়ে এসে মজুত করে। কিন্তু এবার আগে থেকেই সক্রিয় রয়েছে আবগারি দপ্তর। তারা এপর্যন্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করেছে। ওয়াকিবহাল মহলের মতে, এতকিছুর পরও ভারত-ভুটান সীমান্তের বিস্তীর্ণ এলাকায় ভুটানি মদের রমরমা কমেনি। তবে বেআইনি কারবারিদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমেছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ