সংবাদদাতা, ইসলামপুর: লোকপ্রসার প্রকল্পে ইসলামপুর মহকুমার লোকশিল্পীদের একাংশ এখনও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেননি। সময়সীমা শেষ হয়ে যাওয়ায় বিপাকে শিল্পীরা। অনেকে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে গেলেও ফর্ম জমা করতে পারছেন না। এক্ষেত্রে ভাতা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
দপ্তর সূত্রে খবর, ভাতা প্রাপক লোকশিল্পী জীবিত আছেন কি না যাচাই করতে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া চলছিল। ১১ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে জমা নেওয়া হয়েছে নথি। আবেদনপত্রের সঙ্গে শিল্পীর ব্যাঙ্কের পাসবই, পরিচয়পত্র, আধার কার্ডের জেরক্স কপি ও দুই কপি ফটো এবং আয় সংক্রান্ত শংসাপত্র (ইনকাম সার্টিফিকেট) জমা দিতে হয়েছে। আগের বছরগুলিতে পঞ্চায়েত প্রধানের দেওয়া ইনকাম সার্টিফিকেট জমা নেওয়া হয়েছিল। কিন্তু এবছর প্রথমবার গেজেটেড অফিসারের দেওয়া শংসাপত্র চাওয়া হয়। এর জন্য শিল্পীরা প্রথমে অনলাইনে বিডিওর কাছে আবেদন করেন। কয়েকদিন পর তাঁরা শংসাপত্র পেয়েছেন। সবমিলিয়ে ইসলামপুর মহকুমায় প্রায় সাড়ে চার হাজার লোকশিল্পীর মধ্যে প্রায় এক হাজার জন ফর্ম জমা করেননি।
শিল্পীদের কথায়, কিছু ক্ষেত্রে অনলাইনে শংসাপত্র পেতে দেরি হয়েছে। তাই নির্দিষ্ট সময়ে জমা করতে পারেননি। চোপড়ার শিল্পী গোপাল সিংহ বলেন, অনলাইনে আয় সংক্রান্ত সার্টিফিকেট পেয়ে কয়েকদিন দেরি হওয়ায় সময়ে জমা করতে পারিনি। দপ্তরে জমা করতে গেলেও নিচ্ছে না। সময় বৃদ্ধি করলে অনেক উপকার হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক শুভম চক্রবর্তী বলেন, বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব। নির্দেশ এলে ফর্ম জমা নেওয়া হবে।